Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজে ছাত্র সংসদ ভোটের দাবিতে ফের আবেদন হাইকোর্টে, শুনানি আগামী ৭ অক্টোবর

দীর্ঘদিন রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। নির্বাচন না-হওয়ায় স্টুডেন্ট কাউন্সিলগুলি সঠিকভাবে কাজ করছে না।

কলেজে ছাত্র সংসদ ভোটের দাবিতে ফের আবেদন হাইকোর্টে, শুনানি আগামী ৭ অক্টোবর
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। নির্বাচন না-হওয়ায় স্টুডেন্ট কাউন্সিলগুলি সঠিকভাবে কাজ করছে না। হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা বিচারাধীন। তার দ্রুত শুনানির আবেদন জানিয়ে বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী। ৭ অক্টোবর শুনানি করা হবে বলে জানিয়েছে বেঞ্চ ।

Advertisement

রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে দিনের পর দিন নির্বাচন কেন করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে এর আগে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছিল, রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশিকা জারি করতে হবে। আদালতের পর্যবেক্ষণ ছিল, যদি কলেজে বৈধ ছাত্র সংসদই না-থাকে, সেসব কলেজে ইউনিয়ন রুম খোলা রাখার প্রয়োজন নেই। জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে কারণ জানিয়ে চিঠি দিয়ে তালা খোলার জন্য আবেদন করতে হবে বলেও নির্দেশ দিয়েছিল আদালত। পরে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, আগে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক রাজ্য সরকার। তারপর বাকিটা আদালত ঠিক করে দেবে। এরপর সম্প্রতি যাদবপুর কাণ্ডে ফের উত্তাল হয় রাজ্য-রাজনীতি। সেই আবহেই এবার ফের এনিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ