Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশনের বিনামূল্যের চাল ও আটা মিলল ডানকুনির বেসরকারি গোডাউনে, ধৃত ১

সাধারণ মানুষের জন্য সরকারের বরাদ্দ বিনামূল্যের চাল-আটা পাচারের অভিযোগ সামনে এসেছে। ফ্লাওয়ার ও রাইস মিল থেকে এই চাল-আটা রেশন দোকানে না পৌঁছে সরাসরি চলে গিয়েছিল ডানকুনি এলাকার একটি গোডাউনে।

রেশনের বিনামূল্যের চাল ও আটা মিলল ডানকুনির বেসরকারি গোডাউনে, ধৃত ১
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষের জন্য সরকারের বরাদ্দ বিনামূল্যের চাল-আটা পাচারের অভিযোগ সামনে এসেছে। ফ্লাওয়ার ও রাইস মিল থেকে এই চাল-আটা রেশন দোকানে না পৌঁছে সরাসরি চলে গিয়েছিল ডানকুনি এলাকার একটি গোডাউনে। সম্প্রতি সেখানে হানা দিয়ে  গণবন্টন ব্যবস্থার জন্য বরাদ্দ বিপুল পরিমাণ চাল, আটা ও ধান বাজেয়াপ্ত করল ডানকুনি থানা। গ্রেপ্তার করা হয়েছে গোডাউনের মালিক শেখ জাহিরউদ্দিকে। সরকার যে ফ্লাওয়ার ও রাইস মিলে ধান–গম পাঠিয়েছিল সেখান থেকে এই সামগ্রী গোডাউনে এসেছিল বলে জানা যাচ্ছে। গোডাউন থেকে এগুলি খোলা বাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ। 

Advertisement

চন্দননগর পুলিস কমিশনারেট সূত্রে খবর, গত বৃহস্পতিবার খাদ্য দপ্তরের তরফে ডানকুনি থানায় লিখিত অভিযোগ করা হয় গণবন্টন ব্যবস্থার চাল-আটা সেখানকার একটি গোডাউনে মজুত রাখা হয়েছে। তার ভিত্তিতে খাদ্য দপ্তরের এক সাব ইনসপেক্টরকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় মেগলা তেতুঁলতলা এলাকার ওই গোডাউনে গিয়ে তদন্তকারীরা 
দেখেন, বস্তা বস্তা আটা ও চাল সাজানো রয়েছে। ব্যাগের গায়ে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট।  জানা যায়, 
এই চাল ও আটা পিএইচএইচ 
রেশন কার্ড গ্রাহকদের জন্য।  অফিসাররা জানতে পারেন, এই আটাভর্তি ব্যাগ নিয়ে আসা হয়েছে 
ইস্ট ইন্ডিয়া ফ্লাওয়ার মিলস থেকে।  বিভিন্ন সময়ে এগুলি নিয়ে আসা হয়েছিল। এগুলি খোলা বাজারে পাঠানোই ছিল উদ্দেশ্য। সরকারি 
মাল রাখার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গোডাউনের মালিক জাহিরউদ্দিনের কাছে চাওয়া হলে, তা দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার 
করে থানা। বাজেয়াপ্ত করা হয়েছে ৫৫১ বস্তা আটা, ২০ বস্তা চাল ও ৬৪ বস্তা ধান।  
তদন্তে জানা গিয়েছে, খাদ্য দপ্তরের তরফে গম ও ধান পাঠানো হয়েছিল বর্ধমানের বেশ কয়েকটি রাইস ও ফ্লাওয়ার মিলে। চাল ও আটা সেখানে থেকে যাওয়ার কথা ছিল বিভিন্ন রেশন দোকানে। গোডাউন মালিককে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, মিল  মালিকদের সঙ্গে যোগসাজশ করে সরকারি এই সামগ্রী নিয়ে আসা হয়েছিল। এগুলির পরিবর্তে মিলে বস্তাবন্দি করা হয় কাঁকর ভর্তি চাল ও ভুষিযুক্ত নিম্নমানের আটা। সেগুলি চলে গিয়েছে রেশন দোকানে। 
রেশন মালিকরা আবার নিম্নমানের সেই চাল ও আটা গোডাউন মালিককে বিক্রি করে দিয়েছে। সেগুলিও চলে গিয়েছে খোলা বাজারে। বদলে ভালো মানের চাল ও আটা ঢুকেছে ডানকুনির গোডাউনে। এভাবে বড়সড় দুর্নীতি করা হয়েছে। এই দুর্নীতি চক্রের মাথায় কে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ