ডাকঘরের সাইলেন্ট অ্যাকাউন্টে নজর প্রতারকদের, সক্রিয় করতে মেগা ড্রাইভ
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুমন তেওয়ারি, আসানসোল: দু’দশক আগেও মানুষের গচ্ছিত টাকা রাখার বড় মাধ্যম ছিল পোস্ট অফিস। কেউ বা পরিবারকে জানিয়ে, কেউ আবার পরিবারের অজান্তেই পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে টাকা জমাতেন। শিল্প ও খনি ঘেরা আসানসোল পোস্টাল ডিভিশনে সেই প্রবণতা ছিল তুঙ্গে। সময়ের সাথে সাথে সেই অ্যাকাউন্টগুলি অনেকক্ষেত্রেই পরিবারের অগোচরে চলে গিয়েছে। কেউ আবার পোস্ট অফিসের উপর ভরসা হারিয়ে অন্যত্র টাকা রাখছেন। সেই অ্যকাউন্টগুলি সা‌ই঩লেন্ট বা নিষ্ক্রিয় হয়ে থেকে যাচ্ছে। 

Advertisement

এইসব অ্যাকাউন্টই এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডাক বিভাগের কাছে। নিষ্ক্রিয় এই অ্যাকাউন্টগুলি থেকেই বিভিন্ন সময়ে টাকা লুটের ঘটনা ঘটছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় সেই ঘটনায় জড়িয়ে যাচ্ছেন ডাক বিভাগের কর্মী ও আধিকারিকরাই। আসানসোল পোস্টাল ডিভিশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অণ্ডাল সাউথ বাজার ও সালানপুর পোস্ট অফিসের আর্থিক লুটের তদন্ত করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। অণ্ডালের ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লুটের অভিযোগ রয়েছে। দু’জন সাসপেন্ড হয়েছেন। এই ঘটনায় আসানসোল পোস্টাল বিভাগের বেশ কিছু বড় মাথার সন্ধান পাওয়া গিয়েছে। তদন্ত জোর কদমে চলছে সালানপুর পোস্ট অফিসের আর্থিক বেনিয়ম নিয়েও। আর্থিক প্রতারণা হয়েছে জামুড়িয়া থানার নিঘা পোস্ট অফিসেও। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইলেন্ট অ্যাকাউন্টগুলিতে  দীর্ঘদিন পড়ে থাকা টাকাকেই টার্গেট করা হয়েছে। যদিও এখনও ডাক বিভাগ অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছে। টাকা তোলার ক্ষেত্রেও অনলাইনে তথ্য আপলোড করা জরুরি হয়ে পড়েছে। এছাড়াও নানা সতর্কতা নেওয়া হয়েছে। তা সত্বেও সাইলেন্ট অ্যাকাউন্ট নিয়ে অস্বস্তি এড়াতে মেগা ড্রাইভ দিয়েছে ডাক বিভাগ। এই ডিভিশনের অধীনে তিনটি পোস্ট অফিস ও ৯৭টি সাব পোস্ট অফিস রয়েছে। এই পোস্ট অফিস গুলির তত্বাবধনে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা শুরু হয়েছে। সেখানে হাজির থাকছেন ডাক বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা। ক্যাম্প করার আগে এলাকার মানুষকে সতর্ক করা হচ্ছে। যাঁতে তাঁরা দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাকাউন্টগুলি সক্রিয় করেন। ডাক বিভাগ যে এখন প্রযুক্তি নির্ভর। ব্যাঙ্কের মতোই অনলাইনে টাকা লেনদেন সম্ভব, সুদও অনেক বেশি এমনই নানাবিধ সুবিধাও তুলে ধরা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলাশাসক পোন্নমবলম এসের সঙ্গে সাক্ষাৎ করে প্রশাসনেরও সাহায্য প্রার্থনা করেছেন আসানসোল পোস্টাল  ডিভিশনের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট দেবরাজ শেঠি। তিনি জানিয়েছেন, আমাদের ডিভিশনে ২ লক্ষ ৮৫ হাজার ২৬৭টি সাইলেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তাঁদের সক্রিয় করার জন্য সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে।