অলকাভ নিয়োগী, বিধাননগর: ‘হ্যালো’ বলতেই ওপারে গম্ভীর কণ্ঠস্বর—‘ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে বলছি।’ ভোটের আগেই বাংলায় এসআইআর হয়েছে। তাই সত্তরোর্ধ্ব বৃদ্ধ ভেবেছিলেন, নিশ্চয়ই কোনো প্রয়োজনে নির্বাচন কমিশন থেকে ফোন এসেছে। ভাবনা শেষ হওয়ার আগেই ওপার থেকে বলা হল, ‘লিংক পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার মোবাইলে। ক্লিক করে ভোটার কার্ডে বাবার নাম আপডেট করে নিন।’ প্রবীণ ব্যক্তি সেটাই করেছিলেন। কিন্তু, লিংকে ক্লিক করার পর দেখেন, তাঁর মোবাইলে পরপর মেসেজ ঢুকছে! সবই অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিটের মেসেজ। কিছু বুঝে ওঠার আগেই অ্যাকাউন্ট ফাঁকা! প্রায় ১৭ লক্ষ টাকা লোপাট!
এসআইআর ইস্যুতে দেশজুড়ে বিতর্ক ও বিক্ষোভ চলছেই। এই সুযোগে এসআইআরের নামে টোপ দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে প্রতারকরা। ইলেকশন কমিশনের নাম নিয়ে ভোটার কার্ডে নাম আপডেট করার কথা বলে লিংক পাঠাচ্ছে প্রতারকরা। ক্লিক করলেই ফাঁকা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি সল্টলেকের ওই বৃদ্ধ এই কায়দায় প্রতারণার শিকার হয়েছেন। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন। বিধাননগর পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, চক্রের প্রতারকদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে। ভোটার কার্ডে নাম আপডেট, তালিকায় নাম আছে কি না, পরিবারের কারও নাম বাদ গেল কি না, নতুন করে কীভাবে লিস্টে নাম উঠবে—এসব নিয়ে অনেকেই উদ্বেগে ছিলেন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা এখনও বিস্তর চিন্তার মধ্যে আছেন। এই পরিস্থিতিকেই সুযোগ হিসাবে ব্যবহার করছে প্রতারকরা। সাইবার বিশেষজ্ঞদের কথায়, প্রতারকরা প্রতি মুহূর্তে নিজেদের আপডেট করে। নানা ধরনের সমসাময়িক সমস্যাকে টোপ করে ফাঁদ পাতে তারা, যাতে মানুষ সহজে বিভ্রান্ত হয়ে পড়ে। তাই এই ধরনের ফোন পেলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন তাঁরা। সেই সঙ্গে কোনো ধরনের অজানা লিংকে ক্লিক করা চলবে না। বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, গত ৪ নভেম্বর বিধাননগর উত্তর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের হয়েছে। সল্টলেক এ ডি ব্লকের ওই প্রবীণ বাসিন্দাকেও ইলেকশন কমিশনের নামে লিংক পাঠানো হয়েছিল। সেই লিংকে ক্লিক করার পর তাঁর মোবাইল হ্যাক করে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপরই তিনি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ নথিভুক্ত করেন এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।



