শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: পাসপোর্ট পেতে জমা করা হচ্ছে ভুয়ো এফিডেভিট। শিয়ালদহ ও আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটদের সই নকল করে এসব জাল নথি তৈরির অভিযোগ উঠেছে। পাসপোর্টের জন্য আবেদনের সময় তা জমা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে নাম-পদবির বানান ভুল বা জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে এই জাল হলফনামা জমা পড়ছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানায় মামলা রুজু করে তদন্তে নেমেছে সিকিওরিটি কন্ট্রোল (এসসিও)।
জাল এফিডেভিটের বিনিময়ে পাসপোর্ট পাইয়ে দিতে একটি চক্র সক্রিয় রয়েছে রাজ্যে। কিছুদিন আগে চাকদহ থেকে একটি সাইবার কাফের মালিক ইন্দুভুষণকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগ, এখান থেকে ৩৫০টি পাসপোর্টের আবেদন করা হয়েছিল ভুয়ো হলফনামা জমা করে। কিছুদিন চুপচাপ থাকার পর ফের এই চক্র সক্রিয় হয়েছে কলকাতায়। পাসপোর্টের জন্য জমা পড়া নথি পরীক্ষা করতে গিয়ে পুলিশের নজরে আসে, নাম - পদবির বানান ভুল, নাম পরিবর্তন, জন্মের শংসাপত্র না থাকার জন্য অনেক এফিডেভিট জমা পড়েছে। সেগুলি তৈরি করা হয়েছে শিয়ালদহ ও আলিপুর আদালত থেকে। হলফনামাগুলি জাল না আসল, তা যাচাই করতে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় যে এগুলি জাল। যে ম্যাজিস্ট্রেটের সই, স্ট্যাম্প ও সিল রয়েছে, সবটাই নকল। এরপরই সিকিওরিটি কন্ট্রোলের তরফে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয় বলে খবর।
তদন্তে নেমে অফিসাররা জানতে পারছেন, একই নোটারি ও একই সাক্ষী বারবার ব্যবহার করা হয়েছে। এফিডেভিটগুলিতে রয়েছে একই মোবাইল নম্বর। যে নোটারির স্ট্যাম্প রয়েছে, তার রেজিস্টার খতিয়ে দেখা যায়, ওই নম্বরের কোনো এফিডেভিট ইস্যুই করা হয়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পারছেন, জন্ম তারিখের প্রামাণ্য নথি না থাকার জন্য যে সমস্ত এফিডেভিট জমা পড়েছে, তার বড়ো অংশই অনুপ্রবেশকরী বাংলাদেশিদের। নাম, পদবিতে ভুল বা অন্য ছোটোখাটো সংশোধনের জন্য জমা পড়া এফিডেভিটগুলিও বাংলাদেশি নাগরিকদের বলেই মনে করা হচ্ছে। তদন্তকারীদের ব্যাখ্যা, তা না হলে জাল নথি জমা দেওয়ার প্রয়োজনই পড়ত না। তদন্তে আরও জানা যাচ্ছে, এর পিছনে নতুন একটি চক্রও কাজ করছে কলকাতায়। তারা বাড়িতে বসে এই নকল নথি তৈরি করছে টাকার বিনিময়ে। তাদের কাছে বিভিন্ন আদালতের ম্যাজিস্ট্রেটের স্ট্যাম্প ও সিল রয়েছে। জমা পড়া নথির সূত্র ধরে এই চক্রের খোঁজ চলছে। তাদের ধরা গেলেই অনেক রহস্যের সমাধান হবে বলে আশাবাদী তদন্তকারীরা।



