সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীতে সিআরপিএফে চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়ে সাড়ে ন’লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে দুর্গাপুরের এক দম্পতির বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনামুখীর মানিকবাজার এলাকার এক মহিলা তাঁর বেকার ছেলের সিআরপিএফে চাকরির জন্য দুর্গাপুরের এক দম্পতিকে সাড়ে ন’লক্ষ টাকা দেন। বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্তরা জাল নিয়োগপত্র দেয়। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই মহিলা সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন। দুর্গাপুরের ওই দম্পতি সহ অভিযোগকারীর এক প্রতিবেশীর বিরুদ্ধেও প্রতারণা চক্রে যুক্ত থাকার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনামুখীর মানিকবাজার এলাকার এক যুবক সেনাবাহিনীর চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। সেই খবর শুনে প্রতিবেশী এক মহিলা ২০২০সালে টাকার বিনিময়ে নিশ্চিত চাকরি করিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। তাতে রাজি হওয়ায় সে দুর্গাপুরের এক দম্পতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা নাকি সিআরপিএফের বড়ো অফিসার। বহু ছেলে মেয়েকে চাকরি করে দেওয়ার উদাহরণ দেয়। তারপরেই দুর্গাপুরের দম্পতি মানিকবাজারে এসে চাকরিপ্রার্থীর সমস্ত নথি নিয়ে যায়। ধাপে ধাপে মোট সাড়ে ন’লক্ষ টাকা নেয়। ২০২১ সালে চাকরিপ্রার্থীকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ফিজিক্যাল ও মেডিকেল সার্টিফিকেট দেয়। ওই বছরের মে মাসে নিয়োগপত্র দিয়ে তিনমাস পরে সিআরপিএফে যোগদান করতে বলে। কিন্তু, কয়েকদিন পরেই বলা হয় যে ওই চাকরি বাতিল হয়ে গিয়েছে। নতুন চাকরির ব্যবস্থা করা হচ্ছে। নানা অজুহাতে আরও দু’বছর কাটিয়ে দেয়। ২০২৩সালে অভিযুক্তরা চাকরিপ্রার্থীর বাড়িতে পুনরায় একটি নিয়োগপত্র ধরিয়ে দেয়। অসমের গুয়াহাটিতে যোগদান করতে বলে জানানো হয়। সেই মতো মানিকবাজারের চাকরিপ্রার্থীর সঙ্গে আরও বেশ কয়েকজনকে গাড়িতে করে গুয়াহাটিতে নিয়ে গিয়ে একটি শিবিরে রাখা হয়। কয়েকদিন কেটে যাওয়ার পর বুঝতে পারেন যে তাঁদের নিয়োগপত্র জাল। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বাড়ি ফিরে আসেন। এরপর টাকা ফেরত চাইলে প্রতারকরা নানা অজুহাতে বছরের পর বছর কাটিয়ে দেয়। সম্প্রতি টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয়। তাই মানিকবাজারের চাকরিপ্রার্থী যুবকের মা প্রতিবেশী ওই মহিলা এবং দুর্গাপুরের এক দম্পতির বিরুদ্ধে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।