Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাঙ্কে টাকা জমার ভুয়ো বার্তা পাঠিয়ে প্রতারণা

ব্যাঙ্কে টাকা জমার ভুয়ো বার্তা পাঠিয়ে প্রতারণা
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অভিনব কায়দায় প্রতারণার শিকার বারাসতের এক ব্যক্তি। হঠাৎ করেই তাঁর ফোনে এল টাকা জমা হওয়ার বার্তা। তারপর এক পরিচিতের নাম করে বলা হল, ওই টাকা আমি পাঠিয়েছি। বিশেষ প্রয়োজনে টাকাটি অমুক অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। সেই অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা পাঠানোর পর বোঝা গেল, টাকা জমার বার্তাটি ভুয়ো। পুরোটাই প্রতারণা। এনিয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিত রাধেশ্যাম কর্মকার।

Advertisement

জানা গিয়েছে, ৩ এপ্রিল বারাসতের নবপল্লির বাসিন্দা রাধেশ্যাম কর্মকারের ফোনে ৪৫ হাজার টাকা ‘ক্রেডিট’ হওয়ার মেসেজ আসে। সেই বার্তা আসার এক মিনিটের মধ্যেই আসে একটি কল। অপর প্রান্ত থেকে বলা হয়, আমি ঋষি বলছি। এই ঋষি রাধেশ্যামের পূর্ব পরিচিত। ঋষির গলার স্বর নকল করে রাধেশ্যামবাবুকে বলা হয়, আমি তোমাকে ৪৫০০০ টাকা পাঠিয়েছি। এই টাকা অন্য একটি নম্বরে পাঠাও তাড়াতাড়ি। আমার এক বন্ধু নার্সিংহোমে ভর্তি রয়েছে। চিকিৎসার জন্য ডাক্তারবাবুকে টাকাটি দিতে হবে। পরিচিত গলার সঙ্গে মিল পেয়ে দুই দফায় ৩৫ হাজার টাকা প্রতারকের দেওয়া নম্বরে পাঠান রাধেশ্যাম। এরপর সন্দেহ হওয়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন, ৪৫ হাজার টাকা আসেনি। ওটা ছিল ভুয়ো বার্তা।
এরপর তিনি সেই পরিচিত ঋষিকে ফোন করেও এ বিষয়ে জানতে চান। কিন্তু ঋষি অবশ্য এই কথা একেবারে ভিত্তিহীন বলে দাবি করেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর সাইবার ক্রাইম থানার টোল ফ্রি সাইবার সেলে অভিযোগ জানান রাধেশ্যাম। তিনি বলেন, এটা প্রতারণার নতুন কৌশল। পরিচিতের নাম করে আমার কাছে টাকা চাওয়ায় আমি সেই টাকা পাঠিয়েও দিয়েছি। আদপে এটা যে প্রতারণার ছক ছিল, তা বুঝতে পারিনি। পুলিস তদন্ত করে এর কিনারা করতে পেরেছে বলে জেনেছি। আমি চাই প্রতারকদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
অন্যদিকে, ২০২৪ সালের ২ আগস্ট বারাসতের এক আবাসনের বাসিন্দা রঞ্জনকুমার ঘোষ সাইবার প্রতারণায় খুইয়েছিলেন ১৯ লক্ষ ৭৮ হাজার ২০০ টাকা। পুলিসে অভিযোগ জানান তিনি। তদন্তে নেমে খোয়া যাওয়া টাকার মধ্যে ৮ লক্ষ ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করেছে বারাসত সাইবার ক্রাইম থানার পুলিস। শনিবার সেই টাকা রঞ্জনবাবুকে ফেরানো হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ