নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসখানেক আগে পিকনিক গার্ডেনের এক ২৬ বছরের যুবক আক্রান্ত হয়েছিলেন কলেরায়। এবার ওই রোগে আক্রান্ত হল চার বছরের এক শিশুকন্যা। কলেরা যে নির্মূল হয়নি, সারা বছরই কমবেশি হচ্ছে, তা ফের জানান দিল শহরকে।

হাসপাতাল সূত্রে খবর, শিশুকন্যাটি বেহালার পর্ণশ্রীর বাসিন্দা। দিন দুয়েক আগে তাকে ইএম বাইপাস সংলগ্ন পঞ্চসায়র এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এই ঘটনায় বেহালা এবং সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, ওই এলাকার জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। অহেতুক আতঙ্কের কোনও কারণ নেই। মাঝেমধ্যে দু’-একজন কলেরা রোগী পাওয়া যায়। এখন চিকিৎসা পরিষেবার যা উন্নতি হয়েছে, তাতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। ওই বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, শিশুটি ভালো আছে। তারা আশা করছে, আগামী ক’দিনের মধ্যে তাকে ছুটি দেওয়া হবে। কলেরা রোগী তারা আগেও পেয়েছে। তবে এই রোগে আক্রান্ত এত ছোট বাচ্চা এ বছর এর আগে ভর্তি হয়নি।
জ্বর, বমি, ঘন ঘন মলত্যাগের সমস্যা নিয়ে চার বছরের ওই শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে কলেরা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।