Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আমহার্স্ট স্ট্রিটের স্কুল থেকে উধাও চার ছাত্রী, মাঝরাতে আসানসোলে উদ্ধার পুলিশের

স্কুল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া নবম শ্রেণির চার ছাত্রীকে ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করল কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

আমহার্স্ট স্ট্রিটের স্কুল থেকে উধাও চার ছাত্রী, মাঝরাতে আসানসোলে উদ্ধার পুলিশের
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া নবম শ্রেণির চার ছাত্রীকে ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করল কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দুটো নাগাদ ২০ নম্বর বিধান সরণির শতাব্দী প্রচীন আর্যকন্যা স্কুলে।  

Advertisement

ঘটনার সূত্রপাত ৮ এপ্রিল। আর পাঁচটা দিনের মতো স্কুলে গিয়েছিল ওই চার ছাত্রী। কিন্তু স্কুল ছুটির পর নির্ধারিত সময়ে তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে আভিভাবকরা স্থানীয় আমহার্স্ট স্ট্রিট থানার ছুটে যান। অপহরণের মামলা দয়ের করে, তড়িঘড়ি তদন্তে নামেন ওসি শুভদীপ চক্রবর্তীর নেতৃত্বে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের একটি টিম। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, বিকেলে হাওড়া ও শিয়ালদহ স্টেশনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে কলকাতা পুলিশের টিম। নিখোঁজ চার ছাত্রীর ছবি দেখানো হয় জিআরপি, আরপিএফ সহ স্টেশনে উপস্থিত হকারদের। সূত্র মারফত পুলিশ জানতে পারে, স্কুল থেকে বেরিয়ে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের টয়লেটে স্কুলের ড্রেস বদল করে দূরপাল্লার ট্রেনে উঠেছে ওই চার ছাত্রী। ঘটনাচক্রে সেই সময়ে মুম্বই এবং আসানসোলের ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে। 
প্রাথমিক তদন্তে উধাও চার ছাত্রীর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল জানতে পারেন, সম্প্রতি বাড়িতে না জানিয়ে কলকাতার এক হুক্কা বারে যাওয়ার জন্য বকাঝকা করা হয়েছিল এই চার ছাত্রীকে। পাশাপাশি, স্কুলের এক বান্ধবী পুলিশকে জানায়, ইনস্টাগ্রামের মাধ্যমে আসানসোলের এক বছর আঠারোর যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল এই চার ছাত্রীর মধ্যে একজনের। এমনকি দিন কয়েক আগে ওই যুবক ব্যবসার কাজে কলকাতায় এলে তার সঙ্গে সাক্ষাৎ করেছিল এই চার ছাত্রী।
বুধবার রাতে তড়িঘড়ি আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের একটি টিম আসানসোলে রওনা দেয়। সেখানে পৌঁছে স্থানীয় থানা মারফত কলকাতা পুলিশ জানতে পারে, রাত সাড়ে ১১টা নাগাদ নাকা চেকিং চলাকালে বাইক দুর্ঘটনায় জখম হয়েছেন এক যুবক ও নাবালিকা। হাতড়ে হাতড়ে পুলিশ ওই যুবকের সন্ধান পায় হাসপাতালে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে, আসানসোলে চার ছাত্রীর উপস্থিতির কথা জানতে পারে কলকাতা পুলিশ।  বুধবার রাত আসানসোলে কাটানোর জন্য সেখানকার একাধিক হোটেলে যায় ছাত্রীরা। কিন্তু কেউ ওই চার নাবালিকাকে হোটেল ভাড়া দিতে রাজি হননি। বুধবার রাত আড়াইটে নাগাদ আসানসোল স্টেশনের কাছ থেকে ওই চার ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের কলকাতায় আনা হয়েছে। আপাতত তারা একটি হোমে রয়েছে বলে জানা গিয়েছে।      

Advertisement
সম্পর্কিত সংবাদ