Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিখোঁজ কিশোরী শ্যুটারের খোঁজে পুলিশের চারটি দল, ভবানী ভবনের দ্বারস্থ পরিবার

১৫ বছরের জাতীয় স্তরের শ্যুটার দময়ন্তী সেন নিখোঁজ। হাওড়া পুলিশ তার খোঁজে চারটি দল গঠন করেছে। বিস্তারিত জানুন।

নিখোঁজ কিশোরী শ্যুটারের খোঁজে পুলিশের চারটি দল, ভবানী ভবনের দ্বারস্থ পরিবার
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রহস্যজনকভাবে নিখোঁজ ১৫ বছরের জাতীয় স্তরের রাইফেল শ্যুটার দময়ন্তী সেনকে খুঁজতে তৎপরতা আরও বাড়াল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার তাকে খুঁজে বের করতে চারটি বিশেষ দল গঠন করা হয়েছে। পরিবারের কাছ থেকে সম্ভাব্য বিভিন্ন জায়গার তথ্য নিয়ে পুলিশ রাজ্যের একাধিক জেলায় খোঁজ শুরু করেছে। হাওড়া সিটি পুলিশের পাশাপাশি রেল পুলিশও স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা ওই কিশোরী বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সময় তার সঙ্গে মোবাইল ফোন বা টাকা কিছুই ছিল না। পরিবারের দাবি, সকাল ১০টায় বাবার সঙ্গে অনুশীলনে যাওয়ার কথা থাকলেও সে আর বাড়ি ফেরেনি। এরপর আশপাশে খোঁজাখুঁজির পর হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে হাওড়া ও শ্রীরামপুর স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে দময়ন্তীকে দেখা গিয়েছে। শুক্রবার সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে মাহেশের রথের মেলাতেও তাকে দেখা গিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ এখনও সেই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। পরিবারের সদস্যরা হাওড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে মেয়ের খোঁজ করেন।
এদিকে, দময়ন্তীর বাবা অভিযোগ করেছেন, স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দ্রুত না পাওয়ায় তল্লাশির কাজে দেরি হচ্ছে। যদিও রেল পুলিশের দাবি, ফুটেজ খতিয়ে দেখে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার বিকেল পর্যন্ত মেয়ের খোঁজ না মেলায় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনেরও দ্বারস্থ হয়েছেন বাবা। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, কিশোরীর খোঁজে পুলিশের চারটি দল রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।   দময়ন্তী সেন

Advertisement
সম্পর্কিত সংবাদ