নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পুজোয় দেবীর আগমন হয়েছিল ঘোটকে। ষষ্ঠীতে যখন দেবীর বোধন হচ্ছে, তখন কলকাতা পুলিশেও ঘটছে নতুন চার ঘোটকের আগমন! বহুদিন পর একসঙ্গে তরুণ তরতাজা চারটি ঘোড়া এল কলকাতা পুলিশে। বয়স ৪ থেকে ৬ বছর। দুর্গাপুজোর ছুটি কাটিয়ে পুরোদমে ঘোড়া পুলিশের কসরত শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এই নতুন চারটি ঘোড়ার আত্মপ্রকাশ ঘটতে পারে আগামী সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। উল্লেখ্য, কোভিড-কালে সংক্রমণ থেকে বাঁচাতে ঘোড়া পুলিশের কুচকাওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল লালবাজারের তরফে। ২০২৭ সালে ফের কুচকাওয়াজে মাউন্টেড পুলিশকে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব বা রেসকোর্সের তরফে চারটি ঘোড়া ষষ্ঠীর দিন কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘোড়াগুলির নাম লাইক-এ-টাইগার, শ্যাম্পেন-সুপারনোভা, গ্রে-নোবেল ও এনডুরেথ। চারটির মধ্যে লাইক-এ-টাইগার মহিলা ঘোড়া। শুধু তাই নয়, এই ঘোড়ার রেজিস্ট্রেশন কার্ড থেকে পাওয়া তথ্য থেকে পুলিশ জেনেছে এটি আসলে সাদা ঘোড়া। তবে লাইক-এ-টাইগার আপাতত ছাই রংয়ের। এক বছরের মধ্যে সেই রং বদলে সাদা হয়ে যাবে। ফলে সব মিলিয়ে কলকাতা পুলিশে সাদা ঘোড়ার সংখ্যা হবে তিন। আগে থেকে আছে তিস্তা ও কুবলাই নামে দুটি সাদা মহিলা ঘোড়া। কলকাতা পুলিশের দাবি, সাদা ঘোড়া প্রায় বিরল।
রেসকোর্স থেকে আসা ঘোড়াগুলির মধ্যে লাইক-এ-টাইগার সবচেয়ে ছোটো। গ্রে-নোবেল ও এনডুরেথের বয়স ৫ বছর। অন্যটির বয়স ৬ বছর। মাউন্টেড পুলিশে এত কম বয়সি ঘোড়া এর আগে আসেনি বলেই সূত্রের খবর। এই চারটি ঘোড়া রেসকোর্সে কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এরপরই কোনো এক কারণে তাদের রেসের মাঠে আর নামানো হয়নি। মাউন্টেড পুলিশ জানিয়েছে, চারটি ঘোড়াকে ময়দানের আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহারের জন্য বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। তার জন্য অন্তত ৩ মাসের শৃঙ্খলাবদ্ধ প্রশিক্ষণ প্রয়োজন। প্রথমে পুলিশের আস্তাবলে সেই প্রশিক্ষণ ও ঘাম ঝরানোর প্রশিক্ষণ চলবে। এরপর ময়দানে নিয়ে গিয়ে হাতেকলমে প্রশিক্ষণ চলবে।
লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজে প্রতি বছর ঘোড়া পুলিশের কৌশল প্রদর্শনের রীতি ছিল। কিন্তু, করোনাপর্বে তা বন্ধ করে দেওয়া হয়। আগামী বছর থেকে সেই রীতি ফের রেড রোডে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছে লালবাজার। এর জন্য সরকারের কাছে আবেদনও জানানো হবে। সেখান থেকে সম্মতি মিললেই ফের কুচকাওয়াজে দেখা যাবে মাউন্টেড পুলিশকে। ফাইল চিত্র



