নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর আদালতে ভুয়ো আইনজীবী চক্রের পর্দা ফাঁস হল শুক্রবার। গ্রেপ্তার করা হল চারজনকে। কয়েকজন ব্যক্তি এদিন দুপুরে আদালত চত্বরে এসে বলেন, আইনজীবী পরিচয় দিয়ে লোন করে দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে। এটা শুনে আইনজীবী প্রশান্ত সাহা তাদের সেই সব আইনজীবীদের দেখাতে বলেন। তখন প্রশান্ত সাহা সহ অন্য আইনজীবীরা চারজনের কাছে পরিচয়পত্র দেখতে চান। তারা সকলেই কালো কোট, টাই পরেছিলেন। কিন্তু কেউ পরিচয়পত্র দেখাতে পারেননি। চারজনের মধ্যে দুজন মহিলা। এরপর বারাকপুর থানায় খবর দেওয়া হয়। চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রশান্তবাবু বলেন, এর আগেও এই ধরনের প্রতারক চক্রের পর্দা ফাঁস হয়েছিল। ভুয়ো উকিল সেজে লোন পাইয়ে দেওয়ার নাম করে মানুষের থেকে টাকা নিচ্ছে এরা।



