নয়াদিল্লি: ভারতের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে আমেরিকা। শুল্ক নিয়ে ভারত-আমেরিকার টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিঁধলেন সেদেশের প্রাক্তন বিদেশসচিব জন কেরি। শুল্ক নিয়ে ভারত-মার্কিন টানাপোড়েনকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বারাক ওবামার আমলের বিদেশসচিব কেরি। তিনি বলেন, ‘কূটনৈতিক সমাধানে না গিয়ে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ার মধ্যে কোনও মহত্ব নেই।’ রাশিয়ার থেকে তেল কেনার অভিযোগে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য মিচেল বামগার্টনার। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বামগার্টনার বলেছেন, ‘আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ডিল মেকার। ভারতকে তিনি অত্যন্ত সম্মান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্রাম্পের শ্রদ্ধার পাত্র। সাম্প্রতিককালে দু’দেশের সম্পর্কের অবনতি হয়েছে। তবে আমি আশাবাদী আগামী দিনে যাবতীয় সমস্যার সমাধান হবে।’ বামগার্টনারের দাবি, ভারতের উপর চাপানো অতিরিক্ত শুল্ক প্রমাণ করে, কখনও কখনও বন্ধুর কাছ থেকে অতিরিক্ত কিছু চাইতে হয়। তিনি বলেন, ‘অতিরিক্ত শুল্ক ভারতের দৃষ্টিকোণ থেকে হতাশার হতে পারে। কিন্তু আমেরিকার ভালোর জন্যই তা চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের দুই দেশের সম্পর্কের ভিত্তি অত্যন্ত মজবুত। এই বার্তা আমি দুই দেশের নেতাদের কাছেই পৌঁছে দিতে চাই।’ - ফাইল চিত্র