নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঁথিতে অলঙ্কার তৈরির কারখানায় প্রায় তিন কোটি টাকার সোনা লুটের পরিকল্পনা করেছিল সেখানকারই প্রাক্তন কর্মী। পরিচিত দুষ্কৃতীদের দিয়ে সে সোনার বাট লুট করায়। গয়না কারখানার প্রাক্তন কর্মী সইদুল মণ্ডল ওরফে বিল্টুকে বুধবার গভীর রাতে হুগলির খানাকুল থেকে গ্রেফতার করেছে লালবাজারের ডাকাতি দমন শাখা। ঘটনার দিন সে দুষ্কৃতীদের ওই কারখানা চিনিয়ে নিয়ে এসেছিল। কার কাছে সোনা রয়েছে, দেখিয়ে দিয়েছিল তাও। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা গেলেও, বিভিন্ন জায়গায় গা-ঢাকা দিয়ে বিল্টু পুলিশকে নাকানিচোবানি খাওয়াচ্ছিল। খানাকুলে নিজের বাড়িতে আসতেই সে গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যায়।
২৯ অক্টোবর রাত আটটা নাগাদ সিঁথি থানা এলাকার রাজা অপূর্ব কৃষ্ণ রোডে অলঙ্কার তৈরির কারখানায় দু কেজি ৩৮০ গ্রাম সোনা লুট হয়। কর্মী সঞ্জিত কুমার দাস বাইক রাস্তায় পার্ক করে গেট খুলে পিছন ঘুরতেই তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে বসে এক দুষ্কৃতী। অন্য অভিযুক্ত সঞ্জীববাবুর বাইকে বসে তাতে থাকা সোনা নিয়ে পালায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩০ অক্টোবর মামলা রুজু করে।
তদন্তে নেমে ডাকাতি দমন শাখার অফিসাররা বুঝতে পারেন, প্রতিদিন কোটি কোটি টাকার সোনা যে এই কারখানায় আসে, তা অন্দরের কেউ ছাড়া দুষ্কৃতীদের জানা সম্ভব নয়। কারখানার সামনের গলি, বড় রাস্তার মোড় সহ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। সেই ছবি বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনাস্থল থেকে দূরে একজন দাঁড়িয়ে। গোটা ঘটনাটি প্রত্যক্ষ করছে। দুই দুষ্কৃতীদের একজন আগ্নেয়াস্ত্র ধরেছে সঞ্জিতবাবুর বুকে। অপরজন বাইক নিয়ে পালাচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি হেঁটে এলাকা ছাড়ছে। তদন্তকারীদের সন্দেহ হয়, ওই ব্যক্তি টিপার হতে পারে। তার ছবি কারখানার কর্মীদের দেখানো হয়। কর্মীরা পুলিশকে জানান, তার নাম সইদুল ওরফে বিল্টু, বাড়ি খানাকুলে। বছর দুয়েক আগে এই কারখানার কাজ ছেড়েছে। সোনা কোথা থেকে কে কারখানায় নিয়ে আসেন, তা জানত সইদুল। এখানে কাজ ছাড়ার পর সে মুম্বইতে সোনার কাজ করতে যায়। পুলিশ জানিয়েছে, সেখানে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে তার পরিচয় হয়। সহজে সোনা লুট করার টোপ দিয়ে তাদের কারখানার বিষয়ে তথ্য জোগায় বিল্টু। লুটের জন্য তাদের সিঁথিতে নিয়ে আসে।
অভিযুক্তকে চিহ্নিত করার পর সইদুলের খোঁজে খানাকুল গেলেও, তাকে পাওয়া যায়নি। মাঝে মাঝে সে মোবাইল খুলছিল। তাতে ওঁত পেতেই জানা যায়, বিল্টু বুধবার খানাকুলে থাকবে। সেইমতো তল্লাশি চালিয়ে তাকে ধরা হয়।