নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল গোটা দেশ। এবার সেই সংক্রান্ত একটি সেমিনারে যোগ দিতে কলকাতায় আসছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। এর আগেও কলকাতায় এসআইআর বিরোধী কনভেনশনে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার অশোক লাভাসা। সেক্ষেত্রে উদ্যোক্তাদের প্রেক্ষাগৃহ পেতে বেগ পেতে হয়েছিল। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত সেই সমস্যায় পড়তে হয়নি।
কুরেশি এর আগে জ্ঞানেশ কুমারের সমালোচনায় সরব হয়েছেন। আগামী ৫ নভেম্বর হাসিম আব্দুল হালিম ফাউন্ডেশনের উদ্যোগে মেমোরিয়াল লেকচারের আয়োজন করা হয়েছে জি ডি বিড়লা সভাঘরে। লেকচারের বিষয়, প্রতিটি ভারতীয়ের ভোটের অধিকার রক্ষা করার জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচন কমিশনের প্রয়োজন।
ফাউন্ডেশন কর্তা ফুয়াদ হালিম বলেন, ‘আমরা প্রতিবছরই সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা সভার আয়োজন করি। এবছর ১১ বছরে পা দিল এই মেমোরিয়াল লেকচার। আমাদের এখনো পর্যন্ত প্রেক্ষাগৃহ পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি। পুলিশ, কলকাতা কর্পোরেশন-সহ সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকেই আমরা জানিয়েছি।’
কুরেশি ছাড়াও এই আলোচনা সভায় যোগ দেবেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের আন্দোলনের অন্যতম নেতৃত্ব ঐশী ঘোষ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।



