নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের প্রাক্তন প্রধানকে মারধরের ঘটনায় তৃণমূলেরই এক কর্মীকে গ্রেফতার করল শাসন থানার পুলিশ। ধৃতের নাম রফিক আলি (৪৩)। বাড়ি কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের কৃষ্ণমাটি এলাকায়। তাঁকে শনিবার বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন শেখ মোফাজ্জেল আলি। শুক্রবার সকালে তিনি কৃষ্ণমাটি এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন তাঁর উপর দুষ্কৃতীরা হামলা চালায়। মোফাজ্জেলের অভিযোগ ছিল, যাঁরা মারধর করেছেন, তাঁরা প্রত্যেকেই তৃণমূলের লোক। দুপুরেই তিনি বেশ কয়েকজনের নামে শাসন থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত রফিক আলিকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিক এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। মোফাজ্জেলের বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। ঘটনার পর হাড়োয়ার বিধায়ক জানিয়েছিলেন, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তৃণমূলের প্রাক্তন প্রধানকে তিনি সিপিএমের লোক বলে দাবি করে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উড়িয়ে দেন।