নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এসআইআর নিয়ে দলের কর্মী, সমর্থকদের প্রশ্নের মুখে পড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার তিনি বর্ধমানের স্বস্তিপল্লিতে দলের কর্মসূচিতে যোগ দেন। এখানকার মাঠে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা চলছে। খেলা দেখতেই তিনি এখানে এসেছিলেন। মঞ্চে উঠতে যাওয়ার সময় কর্মী সমর্থকরা তাঁকে প্রশ্ন করেন, এসআইআর হলে আমাদের কী হবে? জন্মসার্টিফিকেট নেই। ওপার বাংলা থেকে আসা লোকজন এখানে থাকেন। পরে সুকান্তবাবু তাঁকে আশ্বাস দিয়ে বলেন, আপনাদের চিন্তার কিছু নেই। ভয় পেতে হবে না। বিভ্রান্ত হবেন না।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এসআইআর নিয়ে দলের বহু কর্মী এবং সমর্থক আতঙ্কে রয়েছেন। এদিনের ঘটনা তা আরও একবার প্রমাণ করেছে। বিষয়টি নিয়ে নেতৃত্ব অস্তিত্বে রয়েছে। কারণ, ওপার বাংলা থেকে আসা বহু পরিবারের কাছে জন্মসার্টিফিকেট বা অন্যান্য বৈধ নথি নেই। অথচ তাঁরা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন। লাইনে দাঁড়িয়ে ভোটও দিয়েছেন। অতীতের নির্বাচনের ফলাফল পর্যলোচনা করে রাজনৈতিক বিশেষজ্ঞরা দেখেছেন মতুয়া ভোটের একটা বড় অংশ বিজেপি’র দিকে রয়েছে। তাঁদের নাম বাদ গেলে গেরুয়া শিবিরের লোকসান হবে বলে অনেকেই মনে করছেন। সেই কারণে বিজেপি নেতৃত্বের অনেকেই এসআইআর হোক চাইছেন না। তৃণমূল নেতা দেবু টুড বলেন, নির্বাচন কমিশন বিজেপি’র হয়ে কাজ করছে। ওদের নেতারা যা বলছে সেটাই হচ্ছে। ওদের নেতাদের আগামী দিনেও প্রশ্নের মুখে পড়তে হবে।