শীতের হাতছানিতে পর্যটকের ভিড় পুরুলিয়ায় প্রকৃতি রক্ষায় বাড়তি নজর বনদপ্তরের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা: শীতের আমেজ পড়তেই পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পুজোর মরশুম পেরিয়ে শীতের মরশুমে প্রতিবছরই অযোধ্যা পাহাড় সহ জেলার নানা প্রান্তে ভিড় জমান পর্যটকরা। পাহাড়, ঝরনা, জলাধার আর সবুজের টানে দূরদূরান্ত থেকে আসে বহু মানুষ। তবে পর্যটকদের এই বাড়তি ভিড়ে প্রকৃতির ভারসাম্য যাতে নষ্ট না হয়, সেই দিকে বিশেষ নজর দিচ্ছে বনদপ্তর। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্লাস্টিক বর্জন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তাও দেওয়া হচ্ছে।

Advertisement

বনদপ্তর সূত্রে খবর, জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন ডিএফও অঞ্জন গুহ-সহ বনদপ্তরের আধিকারিকরা। পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না হয়, সেই জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
ডিএফও অঞ্জন গুহ বলেন, গতবারের তুলনায় এবার পুরুলিয়ায় পর্যটকের সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই কথা মাথায় রেখেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। পর্যটকদের নির্দিষ্ট নিয়ম মেনে পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে সূর্যাস্তের পর নির্দিষ্ট কিছু ভিউ পয়েন্টে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্রে রাখা হচ্ছে ট্যুরিস্ট হেল্প ডেস্ক। কোথাও কোনো সমস্যায় পড়লে সেখান থেকে সাহায্য পাবেন পর্যটকরা। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার ও বর্জ্য ফেলার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বনদপ্তর। পাহাড়ের উপরে প্লাস্টিক নিয়ে যাওয়া এবং যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করতে সচেতনতা বাড়ানো হচ্ছে। হোটেল, রিসর্ট ও লজের মালিকদেরও পর্যটকদের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে চোখে পড়ছে প্লাস্টিক বর্জনের আবেদন জানিয়ে লাগানো পোস্টার। মুরগুমা জলাধারের ভিউ পয়েন্টে প্লাস্টিকের আবর্জনা সংগ্রহের জন্য খাঁচার ব্যবস্থাও করেছে সংশ্লিষ্ট পঞ্চায়েত। ফলে পর্যটকদের কাছে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাতেও জোর দেওয়া হচ্ছে।\ মুরগুমা জলাধার থেকে অযোধ্যা পাহাড়ের আপার ও লোয়ার ড্যাম, বামনি ঝরনা, তুর্গা জলাধার ও ঝরনা, খয়রাবেড়া জলাধার, পাখি পাহাড়, মাঠা পাহাড় এবং পারডি ড্যামের মতো একাধিক জায়গা শীতের মরশুমে পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রকৃতির টানে আসা মানুষের আনন্দযাত্রা যাতে পরিবেশের ক্ষতির কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যেই পর্যটন মরশুমের শুরু থেকেই সতর্ক বনদপ্তর।