সংবাদদাতা, বোলপুর: লোকালয়ে ঢুকে পড়েছিল বিরল প্রজাতির একটি হায়না। তৎপরতার সঙ্গে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধারও করেন বনকর্মীরা। কিন্তু শেষরক্ষা হল না। উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হল প্রাণীটির। যা ঘিরে দানা বেঁধেছে রহস্য। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলি এলাকার সাহাপুর ও বোদিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে এলাকার বাসিন্দারা বন্যপ্রাণীটিকে দেখতে পান। যার জেরে আতঙ্ক সৃষ্টি হয়। খবর দেওয়া হয় জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ি এবং বনদপ্তরে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার করা হয় হায়নাটিকে। উদ্ধারের পর বনকর্মীরা প্রাথমিকভাবে স্বস্তি পেলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আজ, বৃহস্পতিবার জানা গিয়েছে, উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই হায়নাটি নিস্তেজ হয়ে পড়েছিল। পরে সেটির মৃত্যু হয়। কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এই প্রসঙ্গে জেলা বন আধিকারিক রাহুল কুমার জানান, ‘হায়না দুর্লভ প্রজাতির একটি প্রাণী। এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 'শিডিউল ওয়ান' তালিকাভুক্ত ও অত্যন্ত সুরক্ষিত। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার পরই জানা যাবে হায়নাটির ঠিক কী কারণে মৃত্যু হয়েছে।’ এই ঘটনায় বনদপ্তরের উদ্ধার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন বন্যপ্রাণী প্রেমীরা।