সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। অনেকেরই পুজোর কেনাকাটা প্রায় সম্পূর্ণ। কিন্তু উৎসবের আবহেই তীব্র বিভ্রাট। পুজোর মুখে পুরো সম্মানিক তো মেলেইনি তার বদলে অ্যাকাউন্টে ঢুকেছে নামমাত্র টাকা। সেই ক্ষোভেই ফেটে পড়লেন আপার প্রাইমারি ও প্রাইমারির পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা।
আজ, বৃহস্পতিবার সদর সার্কেলের সাব-ইন্সপেক্টর দীপিকা বিশ্বাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পুজোর মুখে স্বাভাবিক সাম্মানিক পাওয়ার কথা। কিন্তু তার বদলে আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র ১৭১৫ টাকা এবং প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের অ্যাকাউন্টে জমা পড়েছে মাত্র ১৩২০ টাকা। এই উৎসবের আবহে নামমাত্র টাকা দেখে কার্যত মাথায় হাত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের। ক্ষোভে এদিন সদর সার্কেলে পৌঁছে বিক্ষোভও দেখান তাঁরা।
শিক্ষক-শিক্ষিকাদের দাবি, জেলার অন্যান্য সার্কেলে নির্দিষ্ট সময়েই পুরো সম্মানিক ঢুকে গিয়েছে। অথচ শুধুমাত্র এই সার্কেলেই গত তিন মাস ধরে বেতন নিয়ে টালবাহানা চলছে। এদিকে সামনেই পুজো। কোনো কিছুই কেনাকাটা হয়নি। প্রতি মাসে ঠিকঠাক বেতন না ঢুকলে সংসার চালাবো কী করে? আর আমাদের পরিবারকে খাওয়াবোই বা কী করে। কেন বারবার এই সার্কেলে এরকম অব্যবস্থা তার জবাবও চান বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ উত্তপ্ত ছিল সদর সার্কেল চত্বর।