Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ মালদহে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পুজোর উপহার সহ বড় ঘোষণার প্রত্যাশা

এবারের বন্যায় মানিকচকের ভূতনি সহ রতুয়া-১ ও কালিয়াচক-৩ ব্লকে মোট ২ হাজার ২৫৫টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ডিবিটির মাধ্যমে ওইসব বাড়ির মালিকের অ্যাকাউন্টে ১ লক্ষ ৮০ হাজার করে টাকা দেওয়া হবে।

আজ মালদহে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পুজোর উপহার সহ বড় ঘোষণার প্রত্যাশা
  • ৮ অক্টোবর, ২০২৬ ১১:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বন্যা ও ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়াতে আজ, বৃহস্পতিবার মালদহে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মথুরাপুর বিএসএস স্কুলের মাঠে দুপুরে দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন তিনি। সেইসঙ্গে বন্যায় যাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদেরও আর্থিক সহায়তা করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রীর ভাষণে বড় কোনো ঘোষণা থাকতে পারে বলে আশাবাদী জেলার বিভিন্ন মহল।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, এবারের বন্যায় মানিকচকের ভূতনি সহ রতুয়া-১ ও কালিয়াচক-৩ ব্লকে মোট ২ হাজার ২৫৫টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ডিবিটির মাধ্যমে ওইসব বাড়ির মালিকের অ্যাকাউন্টে ১ লক্ষ ৮০ হাজার করে টাকা দেওয়া হবে। সেইসঙ্গে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ৩৪০টি বাড়ি। ওইসব বাড়ির মালিককে ৯০ হাজার টাকা করে দেওয়া হবে। এবারের বন্যায় মালদহ জেলায় ৯২ হেক্টর কৃষিপণ্যের এবং ৪৯ হেক্টর হর্টিকালচার ক্রপের ক্ষতি হয়েছে। মানিকচক কলেজ মাঠে অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে। কপ্টারে সেখানে নেমে প্রায় এক কিমি দূরে গাড়িতে মথুরাপুর বিএসএস স্কুল মাঠে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। এখানে প্রায় পাঁচ হাজার দুর্গতের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে। বেশ কয়েকজন দুর্গতের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলারও কথা রয়েছে। এরপর মানিকচক কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভা করার কথা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ