Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবক খুনের পাঁচদিন পর নমুনা সংগ্রহ ফরেন্সিকের

রাস্তায় গলা কেটে যুবককে নৃশংস খুন। রাস্তাজুড়ে ছড়িয়ে তাজা রক্ত। রাস্তার পাশে যুবকের পড়ে থাকার জায়গাতেও নানা তথ্য প্রমাণ। অথচ, সেইসব নমুনা সংগ্রহ করতেই টানা পাঁচদিন লাগিয়ে দিলেন তদন্তকারীরা। বুধবার রাতে খুনের ঘটনা।

যুবক খুনের পাঁচদিন পর নমুনা সংগ্রহ ফরেন্সিকের
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাস্তায় গলা কেটে যুবককে নৃশংস খুন। রাস্তাজুড়ে ছড়িয়ে তাজা রক্ত। রাস্তার পাশে যুবকের পড়ে থাকার জায়গাতেও নানা তথ্য প্রমাণ। অথচ, সেইসব নমুনা সংগ্রহ করতেই টানা পাঁচদিন লাগিয়ে দিলেন তদন্তকারীরা। বুধবার রাতে খুনের ঘটনা। নমুন সংগ্রহ হল সোমবার দুপুরে। পাঁচদিন পর ঘটনাস্থল থেকে রক্ত মাখা মাটি, রাস্তায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক টিম। পুরো এলাকাটি বিভিন্ন ভাবে মাপজোখও করা হল। নমুনা সংগ্রহের সময় হাজির ছিল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিসও। 

Advertisement

এদিকে, ঘটনার পাঁচদিন পরও কোনও অভিযুক্তকেই ধরতে পারেনি পুলিস। আটকও করা যায়নি কাউকেই। উল্টে একের পর এক এক নতুন তথ্য আসছে পুলিসের কাছে। তদন্তে উঠে আসছে নতুন আরও একটি তরুণীর ভূমিকা। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  পাশাপাশি, মৃত দেব সিংয়ের কললিস্ট থেকেও নানা তথ্য পেয়েছে পুলিস। সব সূত্রকে এক তারে গেঁথে একটি সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে পুলিস।  পুলিসের এক শীর্ষকর্তার দাবি, আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি। নতুন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্য একটি মহিলার সম্পর্কেও কিছু তথ্য এসেছে। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার রাতে কুলটি থানার সীতাপুর-এথোড়া যাওয়ার রাস্তায় খুন হন দেব সিং। তিনি স্থানীয় একটি নির্মাণ সংস্থার অফিসে কাজ করতেন। তাঁর কাজের ধরণ সম্পর্কে পুলিস বিস্তারিত খোঁজখবর নিয়েছে। তাতে জানা গিয়েছে,  নির্মাণ সংস্থার অফিস থেকে মহিলা কর্মীরা ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে ফ্ল্যাট ও জমি কেনার অফার দিতেন। দেব তাঁদের কাজ তদারকি করতেন। সেই কা঩জের সুবাদে একাধিক মহিলার সঙ্গে সুসম্পর্কও গড়ে ওঠে দেবের। ওই অফিসে দেবের প্রেমিকাও কাজ করতেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত। পুলিস এটাও জেনেছে, পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, এক মহিলা কর্মী কাজও ছেড়ে দেন। সেই মেয়েটির সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল দেবের। একাধিক বিষয় থেকে পুলিস মোটামুটি নিশ্চিত, সম্পর্কের টানাপোড়নই এই খুনের পিছনে মূল ভূমিকা নিয়েছিল। সেখানে একাধিক মহিলার যোগসূত্র পাওয়া যাচ্ছে। দেবের ফোন থেকেও পুলিস এই সংক্রান্ত বহু তথ্য পেয়েছে। 
তবে, এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত ধরা না পড়ায় এলাকায় ক্ষোভ বাড়ছে। মৃতের বাড়ি জামুড়িয়া থানার নিঘায়। ইতিমধ্যেই তাঁর বাড়িতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। সেখানে তিনি হুঁশিয়ারি দেন, পুলিস প্রকৃত অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারলে আন্দোলন হবে। মৃতের পরিবারের দাবি, আমরা বিচার চাই। বিচারের জন্য কী অনন্তকাল অপেক্ষা করতে হবে!-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ