নয়াদিল্লি: বিদেশের মাটিতে থাকা সম্পত্তি ও উপার্জন স্বেচ্ছায় ঘোষণাকারী করদাতার সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। সরকারের প্রকাশিত তথ্যই একথা বলছে। এবিষয়ে একটি সরকারি সূত্র থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে ৩০ হাজার ১৬১ জন ভারতীয় করদাতা জানিয়েছেন, বিদেশে তাদের সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির মোট পরিমাণ ২৯ হাজার কোটি টাকারও বেশি।
সরকারি এই সূত্র থেকে বলা হয়েছে, ভারতীয় নাগরিদের বিদেশে থাকা অ্যাকাউন্ট, সুদ ও ডিভিডেন্ট থেকে লাভ সংক্রান্ত আর্থিক তথ্য ১০৮টির বেশি দেশের কাছ থেকে পেয়েছে নয়াদিল্লি। ২০২১-২২ সালে ৬০ হাজার ভারতীয় করদাতা স্বেচ্ছায় তাঁদের বিদেশে থাকা সম্পত্তি ও উপার্জন ঘোষণা করেছিলেন। ২০২৪-২৫ সালে স্বেচ্ছায় ঘোষণাকারী করদাতাদের সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৪৫২ জন। ব্যাপক সচেতনতা প্রচারের হাত ধরে ২০২৩-২৪ সালের তুলনায় এবছর স্বেচ্ছায় ঘোষণাকারীর সংখ্যা ৪৫.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারি সূত্রে দাবি, মূলত কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (সিআরএস)-এ ভারতের যোগদানের সূত্রে এই সাফল্য মিলছে। এই মঞ্চের অধীনে ১২৫টির বেশি দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নাগরিকদের আর্থিক তথ্য আদানপ্রদানে সম্মত হয়েছে। সেই সূত্রে বিদেশের মাটিতে নাগরিকদের সম্পত্তি ও উপার্জন সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে হাতে চলে আসছে। ২০১৮ সাল থেকে সেই তথ্য পাচ্ছে ভারতও। পৃথকভাবে ২০১০ সালে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত এফএটিসিএ চুক্তিতে আমেরিকার কাছ থেকেও এই সংক্রান্ত তথ্য পাচ্ছে ভারত। স্বয়ংক্রীয়ভাবে হাতে আসা এইসব তথ্যের ভিত্তিতে ভারত সরকার ২০২৪ সালের ১৭ নভেম্বর সচেতনতা সংক্রান্ত বিশেষ কর্মসূচি শুরু করে।