Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

নাগপুরে জল শোধনাগারে ক্লোরিন গ্যাস লিক করে বিপত্তি, হাসপাতালে ভর্তি অন্তত ৪০

পানীয় জল সংশোধনাগারে ক্লোরিন গ্যাস লিক করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের নাগপুরে। সোমবার ভোররাতে গোধনী এলাকার একটি জল শোধনাগারে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নাগপুরে জল শোধনাগারে ক্লোরিন গ্যাস লিক করে বিপত্তি, হাসপাতালে ভর্তি অন্তত ৪০
  • ২৪ আগস্ট, ২০২৬ ১১:২১
Prefer us on Google

মুম্বই, ২৪ আগস্ট: পানীয় জল সংশোধনাগারে ক্লোরিন গ্যাস লিক করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের নাগপুরে। সোমবার ভোররাতে গোধনী এলাকার একটি জল শোধনাগারে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্যাস ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১টা নাগাদ গোধনী এলাকার একটি জল সংশোধনাগারে ৯০০ কেজি ধারণক্ষমতার একটি ক্লোরিন সিলিন্ডার থেকে হঠাৎ গ্যাস লিক হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাস আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন বাসিন্দার কাশি ও শ্বাসকষ্ট শুরু হলে তাঁদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। মাঙ্কাপুর থানার পুলিশ ইন্সপেক্টর হরেশ কালশেকর জানান, দুর্ঘটনাস্থলের চারপাশে ২০০ মিটার এলাকা ‘নো-ম্যানস ল্যান্ড’ হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড করা হয়। স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে নিরাপদ এলাকায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আক্রান্তদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করানো হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে প্রায় ৯০ শতাংশ গ্যাস লিক বন্ধ করা সম্ভব হয়েছে। মোট ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরও ১২ জন চিকিৎসার পর ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

ঘটনার খবর পেয়ে নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল বিভাগ দুটি জলবাহী গাড়ি এবং শ্বাসপ্রশ্বাসের সুরক্ষা সরঞ্জাম-সহ কর্মীদের ঘটনাস্থলে পাঠায়। পাশাপাশি অরেঞ্জ সিটি ওয়াটারের কর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে নামে। প্রায় ভোর সাড়ে ৫টা নাগাদ যৌথ উদ্ধার অভিযান শেষ হয়। জরুরি পরিষেবার কর্মীরা ৯০০ কেজির ক্লোরিন সিলিন্ডারটি সরিয়ে একটি কস্টিক সোডার দ্রবণযুক্ত জলাধারে ডুবিয়ে দেন। এর মাধ্যমে বিষাক্ত গ্যাসকে নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ