Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইপাসে গতি বাড়াতে পাটুলি মোড়ে ফুটব্রিজ, চওড়া হবে গড়িয়া ঢালাই সেতুও

পথচারীদের সুবিধা, দুর্ঘটনার আশঙ্কা কমানো এবং বাইপাসে যানবাহনের গতি বৃদ্ধির স্বার্থে পাটুলি মোড়ে বাইপাসের উপর একটি ফুট ওভারব্রিজ তৈরি করা হচ্ছে।

বাইপাসে গতি বাড়াতে পাটুলি মোড়ে ফুটব্রিজ, চওড়া হবে গড়িয়া ঢালাই সেতুও
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলি মোড়ে ই এম বাইপাস যথেষ্ট প্রশস্ত। কিন্তু এখানে বহু মানুষকে নিয়মিত রাস্তার একদিক থেকে অন্যদিকে যেতে হয়। বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে পাটুলি মোড় থেকে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত ই এম বাইপাসের এই অংশে। প্রাণহানিও হয়েছে। বহু মানুষ রাস্তা পারাপার করেন বলে নির্দিষ্ট সময় অন্তর ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড় করাতে হয়। ফলে যানজট তৈরি হয়। তাই পথচারীদের সুবিধা, দুর্ঘটনার আশঙ্কা কমানো এবং বাইপাসে যানবাহনের গতি বৃদ্ধির স্বার্থে পাটুলি মোড়ে বাইপাসের উপর একটি ফুট ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে ই এম বাইপাস থেকে সাদার্ন বাইপাসে গাড়ি চলাচল আরও মসৃণ করতে গড়িয়া ঢালাই ব্রিজ চওড়া করার উদ্যোগও নেওয়া হয়েছে। দু’টি কাজের জন্য সম্প্রতি টেন্ডার ডেকেছে কেএমডিএ (কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি)। 

Advertisement

পাটুলি মোড় বা পাটুলি বাজারের একদিকে রয়েছে থানা, উল্টোদিকে দমকলকেন্দ্র। ই এম বাইপাস এমনিতেই শহরের অন্যতম ব্যস্ত সড়ক। নির্দিষ্ট সময় অন্তর ট্রাফিক সিগন্যালে থামতে হয়। ফলে গাড়ির গতি রুদ্ধ হয় বারবার। ফুট ওভারব্রিজ থাকলে রাস্তা পারাপারের জন্য পথচারীরা সেটাই ব্যবহার করবে। সেক্ষেত্রে সিগন্যাল থাকলেও বেশিক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে মনে করছেন কেএমডিএর আধিকারিকরা। প্রসঙ্গত, পাটুলি ঘোষপাড়া এবং পাটুলি মোড়ে দু’টি ফুট ওভারব্রিজ তৈরির সিদ্ধান্ত বেশ কয়েক বছর আগেই হয়েছিল। এক আধিকারিক বলেন, ‘প্রথমে কোনও কারণে টেন্ডার বাতিল হয়ে যায়। পরে ফের টেন্ডার হয়। তখন শুধু ঘোষপাড়ার ব্রিজটি তৈরির কাজ হয়। বাঘাযতীন ফ্লাইওভার থেকে পাটুলি হয়ে ঢালাই ব্রিজ যাওয়ার রাস্তা দুর্ঘটনাপ্রবণ। এই অংশে দুর্ঘটনায় রাশ টানতে পুলিস একাধিক পরিকল্পনা করে। সেই সূত্রেই ঘোষপাড়ায় বাইপাস পারাপারের জন্য একটি ওভারব্রিজ তৈরি হয়েছে। এবার ঘোষপাড়ার মতো পাটুলিতেও লোহার ফুট ওভারব্রিজ তৈরি হবে।’ এই কাজের জন্য ৩ কোটি ৮০ লক্ষের বেশি খরচ ধরা হয়েছে বলে সূত্রের খবর।  
সেই সঙ্গে গড়িয়া ঢালাই ব্রিজ প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। খরচ ধরা হয়েছে ৪ কোটি ৯ লক্ষ টাকার বেশি। সংস্থার এক কর্তা বলেন, ‘ঢালাই ব্রিজে ই এম বাইপাস শেষ হয়ে সাদার্ন বাইপাস শুরু হচ্ছে। সেখানেই রাস্তাটি সরু হয়ে যাওয়ায় যানজটের সমস্যা প্রকট হচ্ছে। তাই ঢালাই ব্রিজ চওড়া করার সিদ্ধান্ত হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ