নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আগের মতোই হবে ফুটবল টুর্নামেন্ট। বুধবার মাঠ পরিদর্শনে এসে এই আশার কথা শোনালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, এখানে ফুটবলারদের জন্য তৈরি হবে দু’টি আলাদা প্র্যাকটিস গ্রাউন্ডও। এদিন মাঠ পরিদর্শনের সময় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাসতের পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া সহ অনান্যরা।
বারাসতে বাম আমলে তৈরি হয়েছিল বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। সেই সময় এই স্টেডিয়াম তত্ত্বাবধানের দায়িত্বে ছিল জেলা পরিষদ। পরে তা আইএফএ’র হাতে হস্তান্তর করা হয়। এই স্টেডিয়ামে বছর কয়েক আগেও আই লিগ বা কলকাতা ফুটবল লিগের মতো বড় টুর্নামেন্টের ম্যাচ হতো। পরে এই মাঠে কৃত্রিম ঘাস বা অ্যাস্ট্রো টার্ফ বসায় আইএফএ। কিন্তু কৃত্রিম ঘাসের এই মাঠে খেলতে অনীহা খেলোয়াড়দের। এই মাঠে চোট-আঘাতের সম্ভাবনা বেশি। এসব কারণেই দীর্ঘদিন ধরে বিদ্যাসাগর স্টেডিয়ামে ফুটবল ম্যাচের আয়োজন করা যাচ্ছে না। দশ মাস আগে এই স্টেডিয়াম পরিদর্শন করতে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেছিলেন, অ্যাস্ট্রো টার্ফ তুলে তার পরিবর্তে প্রাকৃতিক ঘাস বুনে এই মাঠকে ফের ফুটবল খেলার উপযোগী করে তোলা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর জন্য খরচ হচ্ছে ৮২ লক্ষ টাকা। এদিন মাঠে গিয়ে ক্রীড়ামন্ত্রী নতুন করে বোনা ঘাস ভালো করে পরীক্ষা করেন। মাঠের দায়িত্বে থাকা কর্মীরা ঘাস তুলে দেখান মন্ত্রীকে। তা দেখে সন্তোষ প্রকাশ করেন অরূপবাবু।
এদিকে, বিদ্যাসাগর স্টেডিয়ামের কাছেই বারাসত গভর্নমেন্ট স্কুল ও শেঠপুকুর মাঠে তৈরি হবে প্র্যাকটিস গ্রাউন্ড। এদিন অরূপ বিশ্বাস বলেন, আমরা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজার উদ্যোগ নিয়েছি। মাঠে প্রাকৃতিক ঘাস তৈরির কাজ চলছে। মাস দুয়েক বাদে এই মাঠ হয়ে উঠবে সবুজ গালিচার মতো। তখন কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ এই স্টেডিয়ামেই করব। ৪ জুন ফের মাঠ পরিদর্শনের পর কবে থেকে এই স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে, তা জানানো হবে। মন্ত্রী বলেন, আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর ৭৮টি মাঠ ও স্টেডিয়াম বানিয়েছি। গোটা দেশে এমন নজির নেই।