Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দীর্ঘ ৮ বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল

আট বছরের অপেক্ষার অবসান। আজ শুক্রবার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফের বল গড়াচ্ছে। ইউনাইটেড কলকাতার প্রতিপক্ষ খিদিরপুর স্পোর্টস ক্লাব।

দীর্ঘ ৮ বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আট বছরের অপেক্ষার অবসান। আজ শুক্রবার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফের বল গড়াচ্ছে। ইউনাইটেড কলকাতার প্রতিপক্ষ খিদিরপুর স্পোর্টস ক্লাব। দীর্ঘ বিরতির পর জেলার ফুটবলপ্রেমীদের কাছে যেন এ এক উৎসবের প্রত্যাবর্তন। প্রথমে ঠিক ছিল, ৭ ও ৯ আগস্ট এই দু’দিনই বারাসত স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ হবে। পরে আইএফএ’র সিদ্ধান্তে সূচিতে বদল আসে। ৮ আগস্টও বারাসতে খেলা হবে। সেদিন মাঠে নামবে কলকাতার তিন প্রধানের অন্যতম মহমেডান স্পোর্টিং। সাদা-কালো ব্রিগেডের সামনে কলকাতা পুলিশ। সূচি বদলের পর থেকেই জেলার সাদা-কালো সমর্থকদের উন্মাদনা বেড়েছে। প্রিয় দলকে ঘরের মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা। এই ম্যাচটি হওয়ার কথা ছিল হাওড়া স্টেডিয়ামে। পরে তা সরিয়ে আনা হয়েছে বারাসতে। ৯ আগস্ট মাঠে নামবে পুলিশ অ্যাথলেটিক ক্লাব ও রেনবো অ্যাথলেটিক ক্লাব। তিনদিনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দর্শকদের নিরাপত্তা থেকে শুরু করে খেলোয়াড়দের নিরাপত্তা সব দিকেই বিশেষ নজর দিয়েছে পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। ম্যাচ শুরুর আগে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন আইএফএ’র সচিব অনির্বাণ দত্ত। সঙ্গে ছিলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। বিধায়কের মন্তব্য, ‘তৃণমূলের সময়ে এই স্টেডিয়াম খেলার অনুপযোগী হয়ে পড়েছিল। দীর্ঘ আট বছর পর কলকাতা ফুটবল লিগের ম্যাচ ফিরছে বারাসতে। তাই ফুটবলপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ