Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়নগরে মঞ্চে নর্তকীর সঙ্গে খাদ্য কর্মাধ্যক্ষের চটুল নাচ ভাইরাল, সমালোচনা

সেখানে এক নর্তকীর সঙ্গে নাচতে দেখা গেল জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লাকে।

জয়নগরে মঞ্চে নর্তকীর সঙ্গে খাদ্য কর্মাধ্যক্ষের চটুল নাচ ভাইরাল, সমালোচনা
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮

সংবাদদাতা, বারুইপুর: রক্তদান শিবিরের মঞ্চে চলছিল ভোজপুরি ড্যান্স। সেখানে এক নর্তকীর সঙ্গে নাচতে দেখা গেল জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লাকে। এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। যদিও ‘বর্তমান’ সেই ভিডিও যাচাই করেনি। ওয়াহিদ শাসকদলের নেতা। বিরোধীরা এ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। ঘটনাটি ঘটেছে জয়নগর ২ নম্বর ব্লকের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর হাটে। যদিও খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লার সাফ বক্তব্য, মানুষের মনোরঞ্জন করতেই নাচের অনুষ্ঠান হয়েছে। আর মানুষকে আনন্দ দিতেই মঞ্চে নেচেছি। এই প্রসঙ্গে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, শাসকদলের নেতা এক নর্তকীর সঙ্গে ভোজপুরি ড্যান্স করছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। ওই নেতা আবার জয়নগরের বিধায়কের কাছের লোক। সিপিএম নেতা অপূর্ব প্রামাণিক বলেন, তৃণমূলের সংস্কৃতি এটাই। মানুষ এদের দেখছে। জবাব পাবে এরা। তেলিপুকুর হাটে বেগম রোকেয়া স্মৃতি সঙ্ঘের উদ্যোগে বসেছিল রক্তদান শিবির। সেখানে সন্ধ্যায় একটি ‘ড্যান্স হাঙ্গামা’র আয়োজন করা হয়েছিল। সেখানে এক নর্তকীকে ভাড়া করে আনা হয় ভোজপুরি গানের সঙ্গে উদ্দাম নাচের জন্য। ভাইরাল হওয়া ওই ভিডিওতে পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লাকে রীতিমতো মঞ্চে উঠে ওই মহিলা ড্যান্সারের সঙ্গে কোমর দুলিয়ে চটুল নাচ করতে দেখা গিয়েছে। সেই নাচ উপভোগ করেছেন নেতার অনুগামীরা। এই ঘটনায় স্থানীয় লোকজন নিন্দায় মুখর হয়েছেন। অনেকেই বলেন, পঞ্চায়েত সমিতির একজন পদাধিকারী হয়ে কীভাবে তিনি এমন কাজ করলেন। মানুষকে আনন্দ দিতে নর্তকীর সঙ্গে কোমর দুলিয়ে শেষ অবধি নাচতে হল তাঁকে! 

Advertisement
সম্পর্কিত সংবাদ