Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীপুজোর মণ্ডপের পাশে তৈরি করা যাবে না খাবারের দোকান

কালীপুজোর মণ্ডপের একেবারে পাশে তেলে ভাজা সহ কোনও সামগ্রী রান্না করা যাবে না বা তার দোকান করা যাবে না।

কালীপুজোর মণ্ডপের পাশে তৈরি করা যাবে না খাবারের দোকান
  • ১৮ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: কালীপুজোর মণ্ডপের একেবারে পাশে তেলে ভাজা সহ কোনও সামগ্রী রান্না করা যাবে না বা তার দোকান করা যাবে না। দোকানের গ্যাস বা উনুন মণ্ডপ থেকে অন্তত ৫০ বা ১০০ মিটার দূরত্ব বজায় রেখে সাজাতে হবে। তবে শুকনো মিষ্টির বা ভোগের দোকান করা যেতে পারে। নিরাপত্তা এবং সুরক্ষার জন্য পুজো উদ্যোক্তা এবং ফুটপাতের ব্যবসায়ীদের এমনই বার্তা দিয়েছে পুলিশ। পাশপাশি কালীপুজো কমিটিগুলিকেও নিজস্ব ভলান্টিয়ার রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ভলান্টিয়ার হিসাবে কারা থাকবেন, সেই তালিকা স্থানীয় ভিলেজ পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের কাছে দ্রুত দিয়ে দিতে বলা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার রাতে মালদহ থানার উদ্যোগে পুরাতন মালদহ শহর এবং ব্লকের কালীপুজো এবং ছট উৎসব নিয়ে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদহ থানার আইসি মৌমন চক্রবর্তী, পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার বিশ্বজিৎ হালদার, শক্রঘ্ন সিনহা বর্মা, অসীম ঘোষ প্রমুখ। পুলিশ এবং পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহে সাহাপুর, মুচিয়া সহ ছ’টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। একটি পুরসভা এলাকা রয়েছে। সব মিলিয়ে ৩৩০টির বেশি কালীপুজো হয়। মঙ্গলবাড়িতে কিছু প্রাচীন এবং বিগবাজেটের পুজো হয়। কিছু পুজোতে পাঁঠা বলি ভোর পর্যন্ত হয়। অনেক এলাকায় মেলা হয়। বৈঠকে পুজো উদ্যোক্তারা সেখানে সিভিক ভলান্টিয়ার দিতে অনুরোধ জানান। মালদহ থানার পুলিশ জানিয়েছে, উদ্যোক্তাদের কথা নোট করা হয়েছে। সেখানে সিভিক দেওয়া হবে। থানা এলাকায় প্রচুর পুজো রয়েছে। পোর্টালের মাধ্যমে উদ্যোক্তারা পুজোর অনুমতি নিতে পারেন। মোবাইল ভ্যান, বাইক, থানার গাড়ি, পিকেটিং করে ভাগ করে নজরদারি চলবে। তবুও উদ্যোক্তাদের নিজস্ব ভলান্টিয়ার রাখতে হবে। 
ছট সহ বিভিন্ন উৎসব নিয়ম মেনে পালন করতে হবে। সিসি ক্যামেরা দিতে হবে মণ্ডপে। ছটপুজো নিয়ে পুরসভার চেয়ারম্যান বলেন, অনেকে কালীপ্রতিমা বিসর্জন দিতে মহানন্দায় আসেন। আমাদের অনুরোধ থাকবে, সামনে ছট উৎসব রয়েছে, সেজন্য কাঠামোগুলি এখানে ওখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। তাহলে ছটব্রতীদের সুবিধা হবে। আমরা আগামী দিনে ঘাট সংস্কার, পর্যাপ্ত লাইট দেব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ