ভূগর্ভস্থ জল তুলে বিক্রির অবৈধ ব্যবসা বন্ধে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: পানীয় জল হয়ে উঠছে স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপ্রবণ। বোলপুরে পানীয় জলের ব্যবসা ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসছে। কোথাও ছ’ বছর, কোথাও তিন বছর ধরে প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়াই চলেছে জলের কারবার। সাবমার্সিবল পাম্প দিয়ে ভূগর্ভস্থ জল তুলে প্রয়োজনীয় পরিশোধন ছাড়াই ২০ লিটারের জারে ভরে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ। খাদ্য সুরক্ষা দপ্তরের পরপর অভিযানে সামনে এসেছে এই ছবি। শুক্রবার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সঞ্জুয়ারা খাতুনের নেতৃত্বে এই অভিযানগুলি চালানো হয়। এদিন বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের ত্রিশুলাপট্টি সংলগ্ন সবুজপল্লিতে একটি পানীয় জলের প্লান্টে অভিযান চালানো হয়। প্রায় তিন বছর ধরে কোনো বৈধ অনুমতি ছাড়াই চলছিল এই ব্যবসা বলে অভিযোগ। প্রয়োজনীয় নথিপত্র না মেলায় প্লান্টটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই প্লান্টের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বোলপুরের পারুলডাঙায় একটি পানীয় জলের প্লান্টে অভিযান চালিয়ে একাধিক অনিয়মের সন্ধান পান আধিকারিকরা। অভিযোগ, প্রায় দু’ বছর ধরে বিনা লাইসেন্সে চলছিল এই কারবার। সেখানে বৈধ এফএসএসএআই লাইসেন্স, অনুমোদিত লেবেল ও ব্যাচ নম্বরের হদিশ মেলেনি। এমনকী পুরসভার জল বাণিজ্যিক কাজে ব্যবহার করা হলেও তার জন্য কোনো কর দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। প্লান্টের মালিক নিয়ম সম্পর্কে অজ্ঞতার কথা জানিয়ে নিজের ভুল স্বীকার করেন। প্রশাসনের নির্দেশ ও জরিমানা মেনে নেওয়ার কথাও জানান তিনি। একই ছবি বোলপুরের ডাঙ্গালি কালীতলাতেও। সেখানে প্রায় ছ’ বছর ধরে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই পানীয় জলের ব্যবসা চলছিল বলে অভিযোগ। প্লান্টের প্রতিনিধিরা পুরসভার অচলাবস্থা ও ছুটির কারণে সরকারি ছাড়পত্র না পাওয়ার যুক্তি দেখান। তবে আধিকারিকদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।  

Advertisement