Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

খাদ্যের গুণমান যাচাইয়ে প্রতি জেলায় পরীক্ষা কেন্দ্র, জোর সচেতনতা বৃদ্ধিতেও

খাদ্যের গুণমান সুনিশ্চিত করার ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা। এবার টার্গেট প্রথম স্থান অধিকার করা। সেই লক্ষ্যেই খাদ্য ও পানীয়ের গুণমান পরীক্ষা সংক্রান্ত উন্নত পরিকাঠামো গঠনে বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার।

খাদ্যের গুণমান যাচাইয়ে প্রতি জেলায় পরীক্ষা কেন্দ্র, জোর সচেতনতা বৃদ্ধিতেও
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্যের গুণমান সুনিশ্চিত করার ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা। এবার টার্গেট প্রথম স্থান অধিকার করা। সেই লক্ষ্যেই খাদ্য ও পানীয়ের গুণমান পরীক্ষা সংক্রান্ত উন্নত পরিকাঠামো গঠনে বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার। সেইসঙ্গে মানুষের মধ্যে সচেতনতা প্রচারেও জোর দেওয়া হবে। 
শুক্রবার নবান্নে বৈঠক হয় মুখ‌্যসচিব মনোজ পন্থের নেতৃত্বাধীন ‘স্টেট লেভেল অ‌্যাডভাইজারি কমিটি অব ফুড সেফটির’। যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহ অন্যান্য একাধিক দপ্তরের পদস্থ কর্তারা। সূত্রের খবর, প্রতিটি জেলায় খাদ্যের পরীক্ষাগার গড়ে তোলার পাশাপাশি ভ্রাম‌্যমাণ পরীক্ষাগারগুলিকে বেশি করে কাজে লাগানো সহ জোর প্রচার চালানোর সিদ্ধান্ত হয়েছে। প্রচার চালানোর ক্ষেত্রে জোর দেওয়া হবে মানুষের মধ্যে সঠিক খাদ‌্যাভাস গড়ে তোলার বিষয়ে। 
বৈঠকে উপস্থিত ছিলেন ‘ফুড সেফটি অ‌্যান্ড স্ট‌্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া’ বা ‘এফএসএসএআই ’-এর প্রতিনিধিরাও। আরও সহজে এবং দ্রুত যাতে শংসাপত্র দেওয়া যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।
এছাড়া দুর্গাপুর ব্যারেজের মেরামতির জন্য যান চলাচল নিয়ন্ত্রণ নিয়েও পুলিস ও প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন মুখ‌্যসচিব। দামোদর নদীর উপর নির্মিত ব্যারেজটি ইস্পাত নগরী দুর্গাপুর, কয়লাঞ্চল আসানসোল সহ দক্ষিণবঙ্গের বড় অংশকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এমনকী ঝাড়খণ্ডের সঙ্গেও জুড়ে রেখেছে। উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে ব্যারেজের উপরের একটি ফ্ল্যাঙ্ক চালু রেখে কাজ করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। 
আবার শিল্পের প্রয়োজন অনুযায়ী কারিগরি প্রশিক্ষণে গুরুত্ব দিয়ে নিয়োগ বাড়ানো নিয়েও বৈঠক করেন মনোজ পন্থ। শিল্প সংস্থাগুলির প্রতিনিধি ও অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠকে রাজ্য যে কারিগরি প্রশিক্ষণ দিয়ে আরও নিয়োগের সুযোগ তৈরি করতে চায় তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে।  

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ