Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ, রেশন কার্ড বাতিলে ডিলারদের সাহায্য চাইছে খাদ্যদপ্তর

খাদ্যদপ্তর ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড বাতিলের নির্দেশ দিয়েছে। ডিলারদের সাহায্য প্রয়োজন। বিস্তারিত পড়ুন।

এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ, রেশন কার্ড বাতিলে ডিলারদের সাহায্য চাইছে খাদ্যদপ্তর
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)- এর ভিত্তিতে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড আগামী সোমবারের মধ্যে বাতিল করার জন্য নির্দেশিকা জারি করেছে খাদ্যদপ্তর। ইতিমধ্যে এনিয়ে দপ্তরে তোড়জোড় শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের কার্ড চিহ্নিত করতে রেশন ডিলারদের সাহায্য চাইছেন দপ্তরের স্থানীয় অফিসের আধিকারিকরা। কিন্তু অনেক ডিলার এ ব্যাপারে সাহায্য করতে আগ্রহী নন বলে জানা গিয়েছে। ছুটির দিনে ডিলারদের সঙ্গে খাদ্যদপ্তরের স্থানীয় অফিসগুলিতে আধিকারিকরা বৈঠক করছেন। অনেক ডিলার তখন আধিকারিকদের বলে দিচ্ছেন, এই সংক্রান্ত নির্দেশনামা দপ্তর জারি করলে তাঁরা ভাবনাচিন্তা করবেন। জানা গিয়েছে, খাদ্যদপ্তরের স্থানীয় আধিকারিকরা নির্বাচন কমিশনের অফিসের মাধ্যমে বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা সংগ্রহ করেছেন। কিন্ত ওই তালিকায় ভোটারদের রেশন কার্ড নম্বর বা কোন দোকানে তাঁদের কার্ড আছে, সেই তথ্য  নেই। তাই দ্রুত ওই গ্রাহকদের চিহ্নিত করার জন্য তাই স্থানীয় রেশন ডিলারদের সাহায্য চাওয়া হচ্ছে। ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া রেশন গ্রাহকদের চিহ্নিত করার জন্য আধিকারিকরা মৌখিকভাবে অনুরোধ করছেন। তবে এই কাজ করা ডিলারদের পক্ষে সম্ভব নয়। তাঁদের নায্য আর্থিক দাবি কেন্দ্র ও রাজ্য কোনো সরকারই মানছে না। এই কাজ করার জন্য কোনো আর্থিক সুবিধা হবে না ডিলারদের। আধার সংযুক্তিকরণ করার জন্য ডিলারদের নির্দিষ্ট হারে টাকা দেওয়া হয়েছিল। 

Advertisement

রেশন গ্রাহকদের ডেটাবেস থেকে নাম বাদ পড়া ভোটারদের চিহ্নিত করার জন্য খাদ্যদপ্তরের অনলাইন পোর্টালে ‘মডিউল’ তৈরি করা হয়েছে। সেখান থেকে নাম বাদ দিতে হবে। এই দায়িত্ব খাদ্যদপ্তরের ইনসপেকটরের হলেও  প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে কি না, তা নজরদারি করবেন উপরের আধিকারিকরা। নাম বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন। নাম বাদ পড়া যেসব ভোটার ট্রাইবুনালে আবেদন করেছেন বা সিএএ’র মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছেন, তাঁদের কার্ডগুলি আপাতত বাতিল হবে না। তবে আবেদনের প্রমাণ দাখিল করতে হবে। সেই প্রমাণ অনলাইনে আপলোড করতে হবে আধিকারিককে। কিন্ত সব কিছুর জন্য প্রথমেই প্রয়োজন ওই বাদ পড়া ভোটারকে চিহ্নিত করা। খাদ্যদপ্তর সূত্রের খবর, মৃত বা স্থানান্তরিত হয়ে যাওয়ার কারণে যেসব ভোটারের নাম বাদ গিয়েছে, তাঁদের অধিকাংশের কার্ড বাতিল বা ব্লক হয়েই আছে। কারণ, কোনো মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট নিতে গেলে রেশন কার্ড আগে ‘সারেন্ডার’ করতে হয় পরিবারকে। কোনো গ্রাহক কিছুদিন রেশন কার্ড ব্যবহার করে খাদ্য না তুললে তাঁর কার্ড ‘ব্লক’ করে দেওয়া হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ