Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠাকুরপুকুরের মর্মান্তিক দুর্ঘটনার জের, সিরিয়ালের পরিচালক ও অভিনেত্রী বদল হল

ঠাকুরপুকুরের মর্মান্তিক দুর্ঘটনার জের, সিরিয়ালের পরিচালক ও অভিনেত্রী বদল হল
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। গাড়িটি চালাচ্ছিলেন বাংলা ধারাবাহিক ‘ভিডিও বউমা’র পরিচালক সিদ্ধান্ত দাস। তিনি এই মুহূর্তে পুলিস হেফাজতে রয়েছেন। এবার সেই ঘটনার আঁচ পড়ল ধারাবাহিকের সেটেও। পরিচালক হিসেবে সিদ্ধান্তর নাম বাদ দিল চ্যানেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি ওই গাড়িতে অভিনেত্রী ঋতুপর্ণা সেন ছিলেন বলেও জানা গিয়েছে। তাঁর নামও বাদ পড়েছে। তবে অভিনেত্রীকে এই বিষয়ে ফোন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, এবার সিদ্ধান্ত ওরফে ভিক্টোর বদলে ওই ধারাবাহিক পরিচালনার দায়িত্ব নেবেন রূপক দে। উল্লেখ্য, আজ বৃহস্পতিবারই সিদ্ধান্তের পুলিস হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।

Advertisement

গত মার্চ মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। সূত্রের খবর, ধারাবাহিকের সাফল্যে গত শনিবার রাতে উদযাপনে মেতেছিলেন পরিচালক সিদ্ধান্ত, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান, স্যান্ডি সাহা ও ঋতুপর্ণা সেন। ওই পার্টি থেকেই একসঙ্গে ফিরছিলেন সিদ্ধান্ত, শ্রিয়া ও ঋতুপর্ণা ওরফে ঋ। বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়ি। একেবারে ঠাকুরপুকুর বাজারে পরপর মোট ন’জনকে ধাক্কা মারে ওই গাড়িটি। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় এক ব্যক্তিকে। পরে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, সেই সময় গাড়িতে সিদ্ধান্ত, শ্রিয়া ও ঋতুপর্ণা ছিলেন। গাড়িতে কারা ছিলেন, সেই খবর সামনে আসতেই প্রভাবশালী তত্ত্বে বিতর্ক শুরু হয়। গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত, তাই প্রভাবশালী বলেই কী সিদ্ধান্ত ছাড়া বাকিরা পার পেলেন? এই প্রশ্নেই বিতর্কের সৃষ্টি হয়। অনেক অভিনেতা-অভিনেত্রীই প্রশ্ন তুলতে থাকেন। টলিউডে নেশা করার প্রবণতা কীভাবে বেড়ে যাচ্ছে, সেই বিতর্কও উস্কে দেওয়া হয়। জানা যাচ্ছে, ধারাবাহিকে অভিনয় করেন ইউটিউবার স্যান্ডি সাহা। তিনিও বাদের তালিকায় রয়েছেন। এই প্রসঙ্গে স্যান্ডি বলেছেন, ‘আমাকে বুধবার জানানো হয়, চরিত্রটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাকে চ্যানেলের তরফে কোনও সাক্ষাৎকার দিতে নিষেধ করা হয়েছিল। আমি সেই কথা শুনিনি। নিজের মত প্রকাশ করেছি। হয়তো সেই কারণেই আমাকে বাদ দেওয়া হল। এই সিদ্ধান্তে আর্থিকভাবে আমার ক্ষতি না হলেও, মানসিকভাবে একটা খারাপ লাগার জায়গা তৈরি হল।’ তবে সংশ্লিষ্ট চ্যানেলের পক্ষ থেকে রাত পর্যন্ত অভিনেতা পরিবর্তনের বিষয় নিয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ