Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগনানে দুর্ঘটনার জের, জোরালো হচ্ছে জাতীয় সড়কে উড়ালপুল নির্মাণের দাবি

বাগনানে দুর্ঘটনার জের, জোরালো হচ্ছে জাতীয় সড়কে উড়ালপুল নির্মাণের দাবি
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনার পরেই বাগনান লাইব্রেরি মোড়, আমতা মোড়, উলুবেড়িয়ার নিমদিঘি মোড়, পাঁচলা মোড়ের পাশাপাশি রানিহাটি মোড়ে উড়ালপুল নির্মাণের দাবি ফের জোরালো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এইসব জায়গায় দীর্ঘদিন ধরে উড়ালপুল নির্মাণের দাবি তোলা হলেও কোনও এক অজ্ঞাত কারণে তা আজও তৈরি হয়নি। ফলে মৃত্যু মিছিল থামানো যাচ্ছে না। দুর্ঘটনাস্থলের আশপাশের লোকজনের বক্তব্য, এখানে উড়ালপুল থাকলে এই মর্মান্তিক পরিণতি হতো না। তবে উড়ালপুল না হওয়ার জন্য জমি জটকেই দায়ী করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বাগনানের বিধায়ক অরুণাভ সেন উড়ালপুল নির্মাণ না হওয়ার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন। 

Advertisement

১৬ নম্বর জাতীয় সড়কের উপর পাঁচলার রানিহাটি মোড় থেকে কোলাঘাট পর্যন্ত একাধিক জায়গায় উড়ালপুল তৈরি হলেও এখনও বেশ কয়েকটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড়ে উড়ালপুল তৈরি করা হয়নি। ওইসব ক্রসিংয়ে সিগন্যাল লাল হলে তখন রাস্তা পারাপার করে বিভিন্ন যানবাহন ও পথচারীরা। সেই সময় কোনও লরি বা গাড়ি সিগন্যাল ভাঙলে দুর্ঘটনা অনিবার্য। এই ক্রসিংগুলিতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা থাকলেও কখনও কখনও তা লঙ্ঘন করে বিভিন্ন গাড়ি। যেমনটি বাগনানের লাইব্রেরি মোড়ে হয়েছে এদিন। 
স্থানীয় বাসিন্দাদের দাবি, উড়ালপুল তৈরি হলে দুর্ঘটনার হার অনেকটাই কমে যাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে অশোক পয়রা বলেন, জমি জটের পাশাপাশি জমি বেদখল হওয়ারও অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসন এগিয়ে এলে এই সমস্যা দূর হতে পারে। তখন উড়ালপুলের সমস্যাও মিটে যাবে। 
নাবঘড়া আদর্শ দোকানদার কল্যাণ সমিতির সম্পাদক তাপসকুমার ঘোষাল বলেন, রানিহাটি এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নতুন আইনে ক্ষতিপূরণ না পাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। ক্ষতিপূরণ পেলেই এই সমস্যা মিটে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ