Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১২ বছর আগে উদ্বোধন হয়েও চালু হয়নি ফুলবাজার, হিমঘর

রাস্তার সমস্যার কারণে ১২বছর হয়ে গেলেও চালু হল না হিমঘর। বাগনানের খালোড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিপণন পর্ষদ এবং হাওড়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির উদ্যোগে তৈরি এই বহুমুখী হিমঘর চালু না হওয়ায় হতাশ কৃষক ও ফুলচাষিরা।

১২ বছর আগে উদ্বোধন হয়েও চালু হয়নি ফুলবাজার, হিমঘর
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাস্তার সমস্যার কারণে ১২বছর হয়ে গেলেও চালু হল না হিমঘর। বাগনানের খালোড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিপণন পর্ষদ এবং হাওড়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির উদ্যোগে তৈরি এই বহুমুখী হিমঘর চালু না হওয়ায় হতাশ কৃষক ও ফুলচাষিরা। অভিযোগ, যাতায়াতের উপযোগী উপযুক্ত রাস্তা নেই বলে বাজার চালু হয়নি।

Advertisement

বাগনানের বিধায়ক অরুণাভ সেন যদিও বলেছেন, ‘হিমঘর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।’ জানা গিয়েছে, ২০১১ সালে খালোড়ে বহুমুখী হিমঘর ও ফুলবাজার তৈরির পরিকল্পনা নিয়েছিল কৃষি বিপণন দপ্তর। তারপর এক কোটি ৬০ লক্ষ টাকা খরচ করে সে দু’টি তৈরি করা হয়। বাজারে ছিল ৪২টি স্টল। পাশাপাশি নিলাম ঘর ও খুচরো ব্যবসায়ীদের জন্য চত্বর তৈরি হয়েছিল। ২০১৩ সালের ১৪ মার্চ উদ্বোধন হয় হিমঘরের। তারপর দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত তা চালু হয়নি।
বাগনান এক ও দু’নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় হয় ফুলের চাষ। কৃষকরা পাঁশকুড়ার পাশাপাশি কলকাতার জগন্নাথঘাটেও ফুল বিক্রি করেন। জানা গিয়েছে, এখানকার মানুষ যাতে এখানেই ফুল বিক্রি করতে পারেন সে কারণে খালোড়ে বাজার তৈরি করা হয়েছিল। তবে রাস্তার সমস্যা থাকায় তা এখনও চালু করা যায়নি। যাতায়াতের সমস্যা মেটানোর লক্ষ্যে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনের বাগনান ষ্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটর্ফম থেকে ফুল বাজার পর্যন্ত সরাসরি একটি রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছিল। তবে এখনও সে রাস্তার কাজে কোনও অগ্রগতি হয়নি। ফলে সমস্যাও মেটেনি। চাষিদের বক্তব্য, রাস্তা তৈরি না হলে ফুলের বোঝা নিয়ে বাজারে যেতে হয় ঘুরপথে। তা সমস্যার। সে কারণে কেউ যেতে চান না। রাস্তার সমস্যার কথা স্বীকার করেছেন বিধায়ক। তিনি জানান, ৫০ ফুট জায়গা রেল দেয়নি বলে সমস্যা তৈরি হয়েছে। আমরা একাধিকবার রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠি দিয়েছি। তবে কোনও কাজ হয়নি। রেল রাস্তার জন্য জায়গা দিলেই সমস্যা মিটে যাবে। ফুলবাজারও চালু হয়ে যাবে। 

সম্পর্কিত সংবাদ