Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

তিন বছরে সর্বনিম্ন, বিভিন্ন শহরে ফ্ল্যাট বিক্রি তলানিতে

দেশের বিভিন্ন শহরে ফ্ল্যাট বিক্রি তিন বছরে সর্বনিম্ন। কলকাতায় ১০% বেড়েছে বিক্রি, যা বাংলার জন্য আশার বার্তা। বিস্তারিত পড়ুন।

তিন বছরে সর্বনিম্ন, বিভিন্ন শহরে ফ্ল্যাট বিক্রি তলানিতে
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  মূল্যবৃদ্ধি। আয় রোজগারে টান। বেহাল অর্থনীতির আঁচ পড়েছে মাথার উপর ছাদের স্বপ্নেও। তিন বছরের মধ্যে সবথেকে কম ফ্ল্যাট বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন শহরে। মেট্রো এবং নন মেট্রো বড় শহরে একই হাল। শেষ আর্থিক বছরে দেশজুড়ে বিক্রি হয়েছে ৪ লক্ষ ৪ হাজার ফ্ল্যাট। যা ২০২৩ সালের পরিসংখ্যানের তুলনায় অনেক কম। ২০২৩ সালের থেকেও কমে গিয়েছে ফ্ল্যাট বুকিং এবং পজেশনের পরিমাণ। এই প্রবণতা যথেষ্ট উদ্বেগজনক। 

Advertisement

২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় দেড় বছর ধরে একটানা ছিল কোভিডকালের প্রভাব। তার জেরে অর্থনীতি ঝিমিয়ে পড়েছিল। আর্থিক লেনদেন ছিল স্তব্ধ। শিল্প, রিয়াল এস্টেট, নির্মাণকার্য সবই ছিল বন্ধ। স্বাভাবিক কারণেই পরবর্তী কয়েক বছরে নির্ধারিত যে ফ্ল্যাটগুলি পজেশন দেওয়ার কথা ছিল, সেগুলি হয়নি। আবার অন্যদিকে, প্রায় ২ বছর ধরে নতুন ফ্ল্যাট বুকিংও কমে যায়।  তারপরও ২০২২-২৩ আর্থিক বছরের শেষে যে হিসাব দেখা যাচ্ছে, তা অন্তত সদ্য সমাপ্ত আর্থিক বছরের তুলনায় ইতিবাচক। পরিস্থিতির যে উন্নতি হচ্ছে না, তার প্রমাণ হল শেষ ত্রৈমাসিক অর্থাৎ নতুন আর্থিক বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়সীমায় প্রবণতা একই রকম। চিত্রটা বরং আরও হতাশজনক। এই ত্রৈমাসিকে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৯০ হাজার ৭১৫ টি। অথচ ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালে এই ত্রৈমাসিকে সংখ্যাটা ছিল ৯৬ হাজারের বেশি। রিয়াল এস্টেট শিল্পের গতিপ্রকৃতি নিয়ে আর্থিক সমীক্ষাকারী সংস্থা আমরকের সাম্প্রতিক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। 
সাধারণত মুম্বই এবং বেঙ্গালুরু নতুন ফ্ল্যাট নির্মাণ এবং বিক্রিতে অন্য শহরগুলির তুলনায় এগিয়ে থাকে। সারা বছর দেশজুড়ে যত ফ্ল্যাট বিক্রি হয়ে থাকে, তার ৪৮ শতাংশই এই দুই শহরে।  কিন্তু এবার এখানেও উদ্বেগজনক প্রবণতা। কারণ ফ্ল্যাট বিক্রি, নতুন প্রজেক্ট নির্মাণ এবং ক্রেতাদের হাতে তুলে দেওয়া, এই তিনটি ক্ষেত্রেই এই দুই শহর পিছিয়ে পড়েছে। বেঙ্গালুরুতে ফ্ল্যাট বিক্রি বেড়েছে। কিন্তু বৃদ্ধিহার মাত্র ১ শতাংশ। দেশের সর্বোচ্চ ফ্ল্যাট বিক্রি হয় যে শহরগুলিতে, তার মধ্যে সবথেকে হতাশজনক পারফরম্যান্স পুণেতে। এই শহরে শেষ ত্রৈমাসিকে এক ধাক্কায় ১৫ শতাংশ ফ্ল্যাট বিক্রি কমে গিয়েছে। সবথেকে ইতিবাচক প্রবণতা কোন শহর দেখিয়েছে? সমীক্ষকদের বিস্মিত করে সেই স্থান অধিকার করেছে কলকাতা। শেষ ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়সীমায় ১০ শতাংশ ফ্ল্যাট বিক্রি বেড়ে গিয়েছে কলকাতায়। যা বাংলার অর্থনীতির ক্ষেত্রে উজ্জ্বল বার্তা। এপ্রিল মাস ছিল তৃণমূল শাসন। জুন মাস বিজেপি শাসন। দুই আমলেই ফ্ল্যাট বিক্রি বেড়েছে তিন মাসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ