Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফিক্সড ডিপোজিট নিয়ে জালিয়াতির নালিশ ব্যান্ডেলের বেসরকারি ব্যাংক কর্মী গ্রেপ্তার

ফিক্সড ডিপোজিট নিয়ে জালিয়াতির অভিযোগে একটি বেসরকারি ব্যাংকের ব্যান্ডেল শাখার কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ।

ফিক্সড ডিপোজিট নিয়ে জালিয়াতির নালিশ  ব্যান্ডেলের বেসরকারি ব্যাংক কর্মী গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফিক্সড ডিপোজিট নিয়ে জালিয়াতির অভিযোগে একটি বেসরকারি ব্যাংকের ব্যান্ডেল শাখার কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম নিখিল গুপ্তা। তিনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মী ছিলেন। পুলিশ গ্রেপ্তার করার পরেই ব্যাংকের তরফেও তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনায় গ্রাহক মহলে হইচই পড়েছে। জানা গিয়েছে, ওই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার হার খুবই বেশি। ফলে, বহুসংখ্যক গ্রাহক প্রতারিত হওয়ার আশঙ্কায় ভুগছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফিক্সড ডিপোজিট করিয়ে যাবতীয় নথি দিয়েছিল নিখিল। কিন্তু পরে দেখা যায় সেইসব নথির সঙ্গে ব্যাংকের নথি মিলছে না। তদন্তকারীদের দাবি, খুব পরিকল্পিত তছরুপ হয়ে থাকতে পারে।

Advertisement

এনিয়ে ব্যাংকের ব্যান্ডেল শাখার ম্যানেজার বিপ্লবকুমার মণ্ডল কোনো মন্তব্য করতে চাননি। তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই বিষয়ে তদন্ত শুরু করেছে। ব্যাংকের ভাবমূর্তির বিষয়টি গোটা ঘটনায় জড়িয়ে আছে। ফলে, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। ব্যাংকের গ্রাহক ইন্দ্রজিৎ কউর বলেন, ২৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলাম। যাবতীয় নথি নিখিল গুপ্তা দিয়েছিল। সেগুলিতে সন্দেহ করার মতো কোনো বিষয় নজরে পড়েনি। কিন্তু সম্প্রতি সেসব নথি নিয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি, আমার নামে কোনো অ্যাকাউন্টই নেই। বড়ো বিপাকে পড়ে গিয়েছি। কীভাবে টাকা ফেরত পাব জানি না। ব্যান্ডেল মেরিপার্কের বাসিন্দা অনুশ্রী সেনগুপ্ত বলেন, আমরা নিখিল গুপ্তাকে দেখে ব্যাংকে টাকা রাখিনি। ব্যাংকের নাম দেখে টাকা রেখেছিলাম। আমাদের টাকা ক্ষতিগ্রস্ত হলে তার দায় ব্যাংককে নিতে হবে এবং ক্ষতিপূরণ করতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কত টাকার জালিয়াতি হয়েছে সেই তথ্য পাওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি, সিল-সই, ব্যাংকের স্বাভাবিক নথিপত্র দেওয়ার পরেও গ্রাহকদের নামে অ্যাকাউন্ট তৈরি হয়নি, সেই বিষয়টিই বিস্ময়কর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ