সংবাদদাতা, উলুবেড়িয়া: খুনের ঘটনার তদন্তে পুলিসকে সাহায্য করে হাতেনাতে আসামিকে ধরতে সাহায্য করায় পাঁচ যুবককে পুরস্কৃত করল হাওয়া গ্রামীণ পুলিস। মঙ্গলবার পাঁচলা থানার পানিয়াড়ায় হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁদের পুরস্কৃত করেন হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল, অতিরিক্ত পুলিস সুপার জন অ্যালেন জর্জ সহ অন্যান্যরা। পুরস্কৃত যুবকদের বক্তব্য, পুলিসের এই উদ্যোগ আগামী দিনে এই ধরনের কাজে তাঁদের উৎসাহ জোগাবে। মাস খানেক আগে রাতের বেলা সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাগনানের বাসিন্দা বরুণ ঘোড়া। রামচন্দ্রপুরে মিত্তির পুকুরের বাঁধের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একজন পুরুষ ও মহিলার ঝগড়া তাঁর নজরে আসে। বিপদের আশঙ্কায় তিনি বিষয়টি জানান রামচন্দ্রপুর ক্লাবে। তখন সেখানে ছিলেন দীপক বেরা, প্রসেনজিৎ জানা, প্রলয় রায়, চন্দন গায়েনরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ৫ যুবক। ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। স্ত্রী নার্গিস খাতুনকে খুন করে মাটিতে পুঁতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করছিল আজাদ খান। মহিলাকে না দেখে সন্দেহ হয় যুবকদের। তাঁরা আজাদকে আটকে রেখে পুলিসে খবর দেন। রাস্তার পাশে একটি জায়গায় নার্গিসের মৃতদেহের খোঁজ পান তাঁরা। বাগনান থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পাশাপাশি আজাদকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিসকে তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করায় ওই ৫ যুবককে পুরস্কৃত করল হাওড়া গ্রামীণ জেলা পুলিস। নিজস্ব চিত্র



