নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৬ সালে কলকাতায় বড়সড় নাশকতা ঘটানোর চক্রান্তের অভিযোগে ধৃত পাঁচ জেএমবি জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। মঙ্গলবার আদালত এই পাঁচ জেএমবি জঙ্গিকে দোষী সাব্যস্ত করে। বুধবার কলকাতার নগর দায়রার (বিচারভবন) বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা ওই আদেশ দিয়েছেন। বিচারক সাজার সঙ্গে প্রত্যককে কুড়ি হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের হাজতবাসের নির্দেশ দেন। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে অন্যান্য একাধিক ধারাতেও পৃথক পৃথক সাজা ও আর্থিক জরিমানা ঘোষিত হয়। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজা একই সঙ্গে চলবে। সাজাপ্রাপ্ত পাঁচ অপরাধী হল, মহম্মদ সাহিদুল ইসলাম, জাহিরুল ইসলাম ওরফে কৌসর, মহম্মদ রুবেল ও মৌলানা ইউসুফ শেখ ও আনোয়ার হোসেন ফারুক। এরমধ্যে আনোয়ার বাদে বাকি চার জঙ্গি হল বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে, আবদুল কালাম নামে খাগড়াগড় মামলায় সাজাপ্রাপ্ত এক অপরাধী অবশ্য কলকাতা কাণ্ডে প্রমাণের অভাবে খালাস পায়। যদিও সাজা নিয়ে ধৃতদের আইনজীবী কোনও মন্তব্য করেননি। তবে এই মামলার সরকারি আইনজীবী জয়ন্ত চক্রবর্তী বলেন, সাম্প্রতিককালে এই আদালতে পাঁচ জেএমবি জঙ্গির সাজা উল্লেখযোগ্য ঘটনা। তাই আদালতের রায়ে খুশি সরকার পক্ষ। কলকাতা পুলিশের এসটিএফের তদন্তেরও তিনি প্রশংসা করেন। তিনি জানান, এই মামলায় ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য পেশ করেন।



