জাকার্তা: ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন। দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বা সহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও ১৮ জন। তাঁদের অধিকাংশই আগুনে তাপে ও ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের সময় ফেরিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, সুলাওয়েসি দ্বীপের কাছে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ওই জলযানটি কেন্দারি থেকে মাকাসার যাচ্ছিল। ফেরি যখন মাঝ সমুদ্রে, তখন আচমকা আগুন লাগে। আতঙ্কে জলে ঝাঁপ দিতে শুরু করেন যাত্রীরা। উত্তর সোলাওয়েসির বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিক জেরি হারমোনসিনা জানিয়েছেন, নৌবাহিনী, উদ্ধারকারী সংস্থা, উপকূল রক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্যজীবীরা জ্বলন্ত ভেসেল থেকে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। ঘটনার ছবি-ভিডিওতে দেখা গিয়েছে, সমুদ্রের মাঝে জ্বলছে আস্ত একটা ফেরি। আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী। আর এই অবস্থায় ভেসে আসছে অসহায় যাত্রীদের সাহায্যের আর্তি। প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার আগে শুরু হয় লাইফ জ্যাকেটের জন্য হুড়োহুড়ি। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। অনুমান, শর্ট শার্কিট বা ইঞ্জিনের সমস্যা থেকেই এমন মারাত্মক ঘটনাটি ঘটেছে।