Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশান, গোয়ালিনি, বৈরাতি নৃত্য বাঁচিয়ে রাখতে চোপড়ায় পাঁচদিনের কর্মশালা

কুশান, গোয়ালিনি, বৈরাতি নৃত্য বাঁচিয়ে রাখতে চোপড়ায় পাঁচদিনের কর্মশালা
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুতাহার কামাল, চোপড়া: উত্তরের লোকসংস্কৃতির অঙ্গ কুশান,গোয়ালিনি, বৈরাতি এবং হুদুম নৃত্য। রাজবংশী সমাজে এই লোকনৃত্য ক্রমশ বিলুপ্তির পথে। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে,এইসব নৃত্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। চোপড়ায় সোমবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা চলবে পাঁচদিন।

Advertisement

পশ্চিমবঙ্গ রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান  বংশীবদন বর্মনের নেতৃত্বে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক মোহনলাল সিংহের প্রচেষ্টায় চোপড়া জুনিয়র বেসিক স্কুল মাঠে এই কর্মশালা চলছে। উদ্দেশ্য, তরুণ প্রজন্মের মধ্যে রাজবংশী লোকনৃত্য সম্পর্কে আগ্রহ তৈরি করা এবং তাদের এই নৃত্যকলার সঙ্গে পরিচিত করানো। 
অসম থেকে আসা প্রশিক্ষকরা চোপড়া ব্লকের দুশোরও বেশি শিক্ষার্থীকে  প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি রাজবংশী লোকনৃত্যের ইতিহাস ও তাৎপর্য  শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। নৃত্যশিল্পী ভনিতাদেবী রায়, আঞ্জুমনি রায়, রত্নাবালা রায় প্রশিক্ষণ দিচ্ছেন। 
সংগঠনের চোপড়া ব্লক সভাপতি সোমনাথ সিংহ জানান, এই কর্মশালা রাজবংশী লোকসংস্কৃতির প্রচার ও প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এবং ঐতিহ্যকে ধরে রাখতে উৎসাহিত হবে। ঐতিহ্যবাহী এই নৃত্যশৈলীকে বাঁচিয়ে রাখতে পারবে। আগামী ১১ এপ্রিল চোপড়া পাবলিক হলঘরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ