নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম থানায় আট বছরের আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, রবিবার দুপুর বারোটার দিকে এই নক্কারজনক ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের তরফে ঝাড়গ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ওই নাবালিকার চিকিৎসা চলছে।
নাবালিকার পিসি জানিয়েছেন, এদিন দুপুরে তাঁর সঙ্গে ভাইঝি এবং সাড়ে তিন বছরের ভাই ছিল। বাবা এবং মা কাজ করতে গিয়েছিলেন। ঠাকুমাও জমিতে গিয়েছিলেন। প্রতিবেশীর এক আত্মীয় কয়েকদিন আগেই গ্ৰামে এসেছিল। ফাঁকা বাড়ির সুযোগে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর বাড়িতে ঠাকুমা ফিরে এলে মেয়েটি পুরো ঘটনা জানায়। অভিযুক্তের ফাঁসি দাবি করেছে নির্যাতিতার পরিবার।
পরিবারের অপর এক সদস্য বলেন, মেয়েটি ক্লাস থ্রিতে পড়ে। একটা ছোট বাচ্চাও দুষ্কৃতীদের হাত থেকে ছাড় পাচ্ছে না। এই ঘটনাকে ঘিরে গ্ৰামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বাড়ি বেলিয়াবেড়া থানার বনকাটি এলাকায়। ঝাড়গ্রাম পুলিশের এক আধিকারিক বলেন, পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।