


মুতাহার কামাল, চোপড়া: মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল পাঁচদিনব্যাপী রাজবংশী লোকনৃত্য কর্মশালার। দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন চোপড়া ব্লক কমিটির উদ্যোগে চোপড়া জুনিয়ার বেসিক স্কুল মাঠে গত ৭ এপ্রিল শুরু হয়েছিল কর্মশালাটি। সেখানে চোপড়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ২০০রও বেশি শিক্ষার্থীকে কুশান নৃত্য, গোয়ালিনী নৃত্য, বৈরাতীনৃত্য, হুদুম নৃত্য শেখানো হয়।
পাঁচদিন ধরে চলা এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজবংশী লোকনৃত্যের বিশিষ্ট শিল্পী ভনিতাদেবী রায়, আঞ্জুমনি রায় ও রত্নাবালা রায়। তাঁরা নতুন প্রজন্মকে রাজবংশী সংস্কৃতির বিভিন্ন লোকনৃত্য, জনপ্রিয় নৃত্যশৈলীর তাত্ত্বিক ও ব্যবহারিক দিকগুলি দক্ষতার সঙ্গে শেখান। রাজবংশী লোকনৃত্যের ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট নিয়েও আলোকপাত করা হয়।
শুক্রবার চোপড়া পাবলিক হলঘরে সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের শেখা নৃত্যশৈলীগুলি মঞ্চে পরিবেশন করে। তাদের সাবলীল ও মনোমুগ্ধকর পরিবেশনা দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক মোহনলাল সিংহ। তিনি তাঁর বক্তব্যে কর্মশালার গুরুত্বের কথা উল্লেখ করেন। এবং রাজবংশী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আয়োজকদের প্রশংসা করেন।
কর্মশালার অন্যতম উদ্যোক্তা সংগঠনের চোপড়া ব্লক কমিটির সভাপতি সোমনাথ সিংহ জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য, নতুন প্রজন্মের মধ্যে রাজবংশী লোকনৃত্যের ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়া। এবং প্রতিভাবান নৃত্যশিল্পীদের একটি মঞ্চ তৈরি করে দেওয়া। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন সংগঠনের জেলা সভাপতি রাজু রাজবংশী, সহ সভাপতি নুরুল হুদা, জেলা সম্পাদিকা পপি সিংহ প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে এদিন চোপড়া ব্লকের পাঁচশোরও বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।