নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজজুড়েই কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির করুণ চিত্র ফুটে উঠেছে। অর্ধেকের বেশি আসন খালি রেখে ক্লাস শুরু করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ব্যতিক্রম নয় ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ও। প্রথম রাউন্ডের শেষে সেখানে মাত্র ৩০ শতাংশ আসন ভর্তি হয়েছে। খালি পড়ে একাধিক বিভাগের অনেক আসন। তবে এখনও কয়েক দফায় ভর্তি হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, আরও কিছু আসন পূরণ হবে। যদিও শেষে ফাঁকা পড়ে থাকতে পারে বেশ কিছু আসন।
উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩৮৩। ২৯ আগস্ট পর্যন্ত ভর্তি হয়েছেন মাত্র ১১৩ জন। অঙ্ক, সংস্কৃত, দর্শন বিষয়ের হাল খুবই খারাপ। এই তিন বিভাগ মিলিয়ে মাত্র ১০ জন ভর্তি হয়েছেন। ইংরেজিতে ২৮ জন ছাত্রী ভর্তি হয়েছেন, যা এখনও পর্যন্ত সব বিষয়ের মধ্যে সর্বাধিক। তবে এবার ইতিহাস নিয়ে পড়ার আগ্রহ বেশি লক্ষ্য করা গিয়েছে। গতবার সব মিলিয়ে ১০ জন ভর্তি হয়েছিলেন। এবারে প্রথম রাউন্ডের শেষে ভর্তি হয়ে গিয়েছেন ১৮ জন। এদিকে, সব থেকে আশ্চর্যজনক হল, ফর্ম পূরণের সময় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ১৭৯ জন বিভিন্ন বিষয়কে প্রথম পছন্দ হিসেবে জানিয়েছিলেন। কিন্তু সবাই ভর্তি হননি। এই নিয়েও হতাশ অধ্যাপকরা।
শিক্ষকদের মতে, জেনারেল ডিগ্রি কোর্স ছেড়ে এখন অনেকেই আইটিআই, পলিটেকনিক কলেজে যাচ্ছেন। তাই সাধারণ কলেজগুলি মার খাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দুর রহমান ভর্তির পরিস্থিতি নিয়ে বলেন, এখন যা ভর্তি হয়েছে, তা বেড়ে ৫০ শতাংশ হবে খুব জোর। এবারও অনেক আসন খালি থেকে যাবে। যতটা সম্ভব বেশি আসন যাতে পূরণ করা যায়, সেই লক্ষ্য নেওয়া হয়েছে। তাই অনলাইন প্রক্রিয়া মিটলে আমরা কিছু অফলাইনে ভর্তি করার ব্যবস্থা করব।