


নয়াদিল্লি: মন থেকে কিছু চাইলে ‘কায়ানাত’ তা পাইয়ে দেওয়ার চেষ্টা করে। ‘ওম শান্তি ওম’ সিনেমার এই সংলাপ যেন প্রযোজ্য শাহরুখ খানের জন্যই। ৩৩ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হচ্ছেন অভিনেতা। সৌজন্যে ‘জওয়ান’। শুক্রবার ঘোষিত হয়েছে পুরস্কারের তালিকা। তারপর এক ভিডিওবার্তায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড ‘বাদশা’। তিনি বলেন, ‘জাতীয় পুরস্কারের সম্মান আজীবন লালন করার মতো মুহূর্ত।’ সম্প্রতি শ্যুটিং চলাকালে চোট পেয়েছিলেন শাহরুখ। এদিন ভিডিওবার্তায় দেখা দিয়েছে, অভিনেতার ডানহাতে ব্যান্ডেজ। অন্য হাত স্বকীয়ভঙ্গিতে অনুরাগীদের জন্য বাড়িয়ে দিয়েছেন মন্নতের বাসিন্দা। তাঁর বার্তা, ‘আমি হাত বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই। কিন্তু আমি খানিক অসুস্থ।’ অনুরাগীদের দিলেন মন ভালো করার মতো খবরও। বলেছেন, ‘শীঘ্রই প্রেক্ষাগৃহে ফিরব, পপকর্ন রেডি রাখো।’
ষাটের দোরগোড়ায় এসে শাহরুখের জাতীয় পুরস্কারপ্রাপ্তি নিয়ে চর্চা সর্বত্র। অনেকেই বলছেন, এর আগে ‘স্বদেশ’,‘চক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো একাধিক ছকভাঙা সিনেমায় অভিনয় করেছেন তিনি। শাহরুখ নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘স্বদেশ’ ছবির জন্য তাঁর জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল। অবশেষে মিলল স্বীকৃতি। আর তাঁর এই পুরস্কার প্রাপ্তির ঘোষণা করেছেন ‘স্বদেশ’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরই। এ যেন এক বৃত্ত সম্পূর্ণ হল। উচ্ছ্বসিত বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি। ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি তাঁর বার্তায় বলেছেন, ‘আপনার সফরসঙ্গী হতে পেরে আপ্লুত। এটা আমার প্রথম প্রেমপত্র। বাকিগুলি আসছে।’ অভিনেতা কমল হাসান বলেছেন, ‘বহু প্রতীক্ষিত সম্মান।’
কেবল শাহরুখ নন, ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা বিভাগে পুরস্কৃত বিক্রান্ত ম্যাসিও। ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন তিনি। এবারের জাতীয় পুরস্কার স্পেশাল অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের জন্যও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য তিনিও ৩০ বছরের কেরিয়ারে প্রথমবার এই পুরস্কার পেলেন। আর এই সম্মান সকল মাকে উৎসর্গ করেছেন অভিনেত্রী। এ বছর সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কারও জিতেছে এই সিনেমা। প্রথম থেকেই এই ছবি ঘিরে ছিল বিতর্ক। বিভিন্ন মহলেরই দাবি, সিনেমার আড়ালে তা আদতে ‘প্রোপাগান্ডা’ মাত্র। এমন সিনেমাকে জোড়া পুরস্কার নিয়ে ফের বিতর্কের ঝড় উঠেছে। ক্ষোভ উগরে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর দাবি, এটা কেরলের ভাবমূর্তিতে আঘাত হানার চেষ্টা। পুরোটাই রাজ্যের সাম্প্রদায়িক সংহতিকে বিপন্ন করার অভিসন্ধি। সঙ্ঘ পরিবারকে তুষ্ট করতেই এই সিদ্ধান্ত। যদিও জুরি বোর্ডের চেয়ারপার্সন আশুতোষ সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন। তাঁর দাবি, ‘সিনেমায় বাস্তবসম্মতভাবে গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে।’
সেরা হিন্দি কাহিনিচিত্রের পুরস্কার পেয়েছে সানিয়া মালহোত্রা অভিনীত ‘কাঁঠাল’। বাংলার জন্যও সুখবর। আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘ডিপ ফ্রিজ’ সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিয়েছে। ছবির পরিচালক অর্জুন দত্তর প্রতিক্রিয়া, ‘ভীষণ ভালো লাগছে। খুব অল্প দিনে ছবিটা করেছি। মাকে ওই সিনেমা দেখাতে পারিনি। সারাজীবন এই দুঃখ থেকে যাবে।’