Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

রাজ্যের প্রথম বইগ্রাম

বক্সা ও জয়ন্তী পাহাড়ের কোলে ছোট্ট জনপদ পানিঝোরা। সেটিই রাজ্যের প্রথম ‘কিতাব গাঁও’ বা ‘বইগ্রাম’। আলিপুরদুয়ার সদর থেকে বক্সা ফিডার রোড ধরে রাজাভাতখাওয়ার দিকে এগলেই বক্সার জঙ্গলঘেরা এই গ্রাম।

রাজ্যের প্রথম বইগ্রাম
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 বক্সা ও জয়ন্তী পাহাড়ের কোলে ছোট্ট জনপদ পানিঝোরা। সেটিই রাজ্যের প্রথম ‘কিতাব গাঁও’ বা ‘বইগ্রাম’। আলিপুরদুয়ার সদর থেকে বক্সা ফিডার রোড ধরে রাজাভাতখাওয়ার দিকে এগলেই বক্সার জঙ্গলঘেরা এই গ্রাম। পাশ দিয়ে বইছে ক্ষীণতোয়া নোনাই নদী। গ্রামে ৭১টি পরিবার। জনসংখ্যা সাকুল্যে ৩২০ জন। পুরুষ ১৫৮ এবং মহিলা ১৬২ জন। তাঁদের মধ্যে সাক্ষর ২৬৮ ও নিরক্ষর ৫২ জন। ডুকপা, গারো, রাভা, খাড়িয়া ও বোড়ো জনজাতি অধ্যুষিত পানিঝোরা বর্তমানে দেশ-বিদেশের পর্যটক ও বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের আদর্শ কেন্দ্র হয়ে উঠেছে। আত্মনির্ভরতা ও স্বয়ংসম্পূর্ণ গ্রামের ভাবনা নিয়ে পথচলা শুরু হয়েছে পানিঝোরার। ২০২৪ সালের ৩১ আগস্ট। পানিঝোরাকে রাজ্যের প্রথম ‘বইগ্রাম’ হিসেবে ঘোষণা করেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। আক্ষরিক অর্থেই বইগ্রাম। পানিঝোরার প্রতিটি মানুষের ওঠা-বসা যেন বইয়ের সঙ্গেই। কিন্তু বইগ্রামের তকমা পাওয়ার আগে পানিঝোরা ছিল কার্যত লোকচক্ষুর আড়ালে। করোনার সময় পিছিয়ে পড়া এই গ্রামে হু হু করে বাড়ছিল স্কুলছুটের সংখ্যা। নেশায় আচ্ছন্ন হচ্ছিল যুব সমাজের একটা বড় অংশ। মহিলাদের হাতেও কাজ ছিল না। গ্রামে সাক্ষরতার হার পৌঁছয় তলানিতে। করোনা পরবর্তী সময়ে পানিঝোরার এই সার্বিক পিছিয়ে পড়া দশা কাটাতে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে প্রথমে পানিঝোরায় তৈরি হয় ভ্রাম্যমাণ লাইব্রেরি। যা দেখে বই পড়ার আগ্রহ জন্মায় সেখানকার মানুষজনের মধ্যে। এখন পানিঝোরায় আছে সেন্ট্রাল লাইব্রেরি। সেটিতে রয়েছে তিন হাজার বই। ছোট গ্রন্থাগার ১৫টি। নাম ‘আলোকবর্তিকা’। গ্রামের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে বলেই এমন নামকরণ। আর বইয়ের হাত ধরে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা এই গ্রামকে নিয়ে গিয়েছে এক অন্য উচ্চতায়। বর্তমানে এই ছবির মতো সুন্দর গ্রামে ছবি আঁকতে আসছেন চিত্রশিল্পীরাও। প্রশাসনের সহযোগিতায় স্থানীয় মহিলারা সেলাই, মৌমাছি পালনের পাশাপাশি আগত পর্যটকদের গাইড হিসেবে কাজ করছেন। ‘কিতাব গাঁও’ পানিঝোরার মুকুটে জুড়েছে প্লাস্টিক ও মাদক বর্জিত গ্রামের পালকও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ