Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জন্ম ও মৃত্যুর শংসাপত্র নেওয়ার হিড়িক, হোয়াটসঅ্যাপে ‘স্লট’ বুকিংয়ের সংখ্যা বৃদ্ধির নির্দেশ ফিরহাদের

জন্ম-মৃত্যুর শংসাপত্রের ‘ডুপ্লিকেট’-এর জন্য আবেদন গ্রহণের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

জন্ম ও মৃত্যুর শংসাপত্র নেওয়ার হিড়িক, হোয়াটসঅ্যাপে ‘স্লট’ বুকিংয়ের সংখ্যা বৃদ্ধির নির্দেশ ফিরহাদের
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্ম-মৃত্যুর শংসাপত্রের ‘ডুপ্লিকেট’-এর জন্য আবেদন গ্রহণের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক বাসিন্দার অভিযোগের প্রেক্ষিতে মেয়র স্বাস্থ্য বিভাগকে জন্ম-মৃত্যুর ‘ডুপ্লিকেট’ শংসাপত্র নেওয়ার জন্য আরও বেশি মানুষ যাতে আবেদনের সুযোগ পান, তা নিশ্চিত করতে বলেন। মেয়রের দাবি, এসআইআর পর্বে জন্ম-মৃত্যুর সার্টিফিকেটের ‘ডুপ্লিকেট’ কপি পেতে হিড়িক পড়েছে পুরসভায়। তাই, নাগরিক সুবিধার কথা ভেবে আমাদের এব্যাপারে আরও দ্রুত পরিষেবা দেওয়ার চেষ্টা করতে হবে। 

Advertisement

বর্তমানে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নিতে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। পুরসভার দেওয়া হোয়াটসঅ্যাপে (চ্যাট-বট) আবেদন জানাতে হয়। সেই অনুযায়ী কবে এবং কখন আসতে হবে, তার ‘স্লট’ বুকিং হয়। প্রতিদিন সর্বোচ্চ দেড়শো আবেদন জমা নেওয়া হয়। বর্তমান পরিস্থিতির বিচারে ‘স্লট’-এর সংখ্যা বাড়াতে বলেছেন ফিরহাদ। 
এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে শহরের এক বাসিন্দা বলেন, তাঁর জন্ম শংসাপত্রের কপি প্রয়োজন। কিন্তু চ্যাট-বটে স্লট মিলছে না। যার পরিপ্রেক্ষিতে মেয়র মুখ্য স্বাস্থ্য আধিকারিক রনিতা সেনগুপ্তকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। মেয়র দ্রুত এই ব্যবস্থা চালু করতে বললেও স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এই কাজে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে। ‘স্লট’ বুকিংয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি লোকবল বাড়িয়ে অফলাইনেও অর্থাৎ হাতে হাতে শংসাপত্রের আবেদন নিতে বলেছেন ফিরহাদ। মেয়র চাইছেন, প্রতিদিন ১৫০-র বদলে পাঁচশো বা এক হাজার ‘স্লট’ বুকিং করে আবেদন নেওয়ার ব্যবস্থা হোক। যদিও একদিনে এতগুলি আবেদন একসঙ্গে নেওয়া সম্ভব কি না, সেব্যাপারে সন্দিহান পুর-স্বাস্থ্যকর্তারা। তাঁদের দাবি, সর্বোচ্চ দিনে আড়াইশো আবেদন ‘স্লট’ বুকিংয়ের মাধ্যমে নেওয়া যেতে পারে। 
এই প্রসঙ্গে পুরসভার তথ্য ও প্রযুক্তি বিভাগের এক আধিকারিক বলেন, প্রযুক্তিগত দিক থেকে ‘স্লট’ বাড়ানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কিন্তু স্বাস্থ্য বিভাগের পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। কারণ, হোয়াটসঅ্যাপ চ্যাট-বটের এই সিস্টেম চালাতে অতিরিক্ত লোকবল এবং জায়গা প্রয়োজন। যে ঘরটি জন্ম-মৃত্যু শংসাপত্রের সার্টিফিকেটের কাজের জন্য বরাদ্দ, সেখানে অত লোক বসার জায়গা নেই। তাই, বুঝেশুনে পরিকাঠামোর ভিত্তিতেই ‘স্লট’ বুকিংয়ের সংখ্যা বাড়াতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ