Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ঢাকা বিমানবন্দরের কার্গো এরিয়ায় আগুন, পুড়ল কয়েক কোটির পণ্য

শনিবার দুপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ঢাকা বিমানবন্দরের কার্গো এরিয়া। এদিন দুপুর আড়াইটে নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পণ্য রাখার জায়গায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে

ঢাকা বিমানবন্দরের কার্গো এরিয়ায় আগুন, পুড়ল কয়েক কোটির পণ্য
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৮:১০
Prefer us on Google

ঢাকা: শনিবার দুপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ঢাকা বিমানবন্দরের কার্গো এরিয়া। এদিন দুপুর আড়াইটে নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পণ্য রাখার জায়গায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আগুন লেগেছে বুঝতে পেরে কার্গো এরিয়ার ভিতর থেকে কর্মীরা কোনওমতে বেরিয়ে আসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্রায় পুরো কার্গো এরিয়াই দাউদাউ করে জ্বলতে শুরু করে। প্রাথমিকভাবে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ৩৭টি ইঞ্জিন নিয়ে আসা হয়। সেনা ও বায়ুসেনাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। তাতেও আগুন বিকেল পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। অগ্নিকাণ্ডের জেরে এদিন ঢাকা বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। তবে সাতঘণ্টা পর বিমানবন্দর খুলে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, কার্গো এরিয়ার যে জায়গায় আগুন লেগেছে, সেখানে মূলত বিদেশ থেকে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। তাই এদিন কয়েক কোটি টাকার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে কত টাকার পণ্য সেখানে ছিল তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত হতাহতের খবর না মিললেও, আগুন নেভাতে গিয়ে অন্তত ২৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

গত মঙ্গলবারই ঢাকার মিরপুরের পোশাক কারখানায় আগুন লেগে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার চট্টগ্রামে এক্সপোর্ট প্রসেসিং জোনের একটি ভবনে আগুন লাগে। প্রায় ১৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনটিতেও বিভিন্ন সংস্থার কারখানা ছিল। একের পর এক অগ্নিকাণ্ডের জেরে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের অব্যবস্থার দিকে আঙুল তুলেছেন অনেকে। সূত্রের খবর, ‘নাশকতা’র প্রমাণ খুঁজছে সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ