নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল শ্রীরামপুরের রাজ্যধরপুরের একটি সুতো কারখানা। মঙ্গলবার শর্ট সার্কিট থেকে ওই কারখানায় আগুন লাগে। কেউ হতাহত না হলেও কারখানাটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু পুরনো ওই কারখানাটি ভট্টাচার্য গার্ডেনের সর্দারপাড়ায় ছিল। ঘন জনবসতিপূর্ণ এলাকাতেই কারখানাটি চলত। এদিন বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে কয়েকজন কর্মী কারখানা সাফাই করছিলেন। সেই সময়েই শর্ট সার্কিট হয়।
দমকল সূত্রে জানা গিয়েছে, পুরনো কারখানা হওয়ায় সেখানে প্রচুর ঝুল ছিল। সেখানেই প্রথমে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে। কারখানাতে প্রচুর দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত বড় আকার নেয়। পাশাপাশি, কারখানাতে যাওয়ার পথ সরু হওয়ায় দমকলের বড় গাড়িও সেখানে ঢুকতে পারেনি। একটি ছোট ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে পাম্প চালিয়ে জল সংগ্রহ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দমকল কর্মী বলেন, গাড়ি যাতায়াতের সুযোগ থাকলে আগুন নেভাতে কম সময় লাগত। তা ছড়াতেও পারত না। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। কারখানা কর্তৃপক্ষ ওই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। তবে পুজোর মুখে কারখানা ছাই হয়ে যাওয়ায় শ্রমিক মহল্লায় উদ্বেগ ছড়িয়েছে।