নয়াদিল্লি: মধ্যরাতে ভয়াবহ আগুন। লেলিহান শিখায় পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির গফর মার্কেটের পুরী প্লাজাতে। এর জেরে গোটা এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে গ্রাউন্ড ফ্লোরের একটি মোবাইল ফোনের সরঞ্জামের দোকানে আগুন লেগেছিল। ক্রমেই তা পাঁচতলা বাণিজ্যিক বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় হাজির হয় দমকলের ২২টি ইঞ্জিন। বহু দোকানে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই। কী কারণে এই অগ্নিকাণ্ড তা স্পষ্ট নয়। কিন্তু, প্রাথমিক তদন্তের পর পুলিশ ও দমকলের আধিকারিকদের অনুমান, গ্রাউন্ড ফ্লোরে মোবাইলের সরঞ্জামের একটি দোকান ছিল। সেখানে রাখা ব্যাটারি গরম হয়ে যাওয়ায় অথবা বেশি চার্জ হওয়ার কারণে আগুন ধরে যায়। পরে তা ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নেয়। তবে সবদিক খতিয়ে দেখছে পুলিশ। বিল্ডিংটির অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।



